শ্রেষ্ঠত্বের মঞ্চে মুকুট ধরে রাখার মিশনে নামছেন লিওনেল স্কালোনি। সম্প্রতি ঘোষিত ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডে তিনি যেমন অভিজ্ঞতার ওপর আস্থা রেখেছেন। তেমনি চমক দেখিয়েছেন একঝাঁক তরুণ তুর্কিকে আমন্ত্রণ জানিয়ে।
লিওনেল মেসির সাথে আক্রমণভাগে রয়েছে জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজের মতো তারকারা। রক্ষণভাগেও থাকছেন নিকোলাস ওটামেন্দি কিংবা ক্রিশ্চিয়ান রোমেরোর মতো পরিচিত মুখ। কিন্তু অভিজ্ঞদের বাইরেও পাঁচ তরুণ তুর্কি হতে পারেন আলবিসেলেস্তের বাজির ঘোড়া।
- আলেহান্দ্রো গারনাচো

২১ বছর বয়সী চেলসি উইঙ্গার আলেহান্দ্রো গারনাচোকে নিয়ে প্রত্যাশা অনেক। ক্লাব ফুটবলে কিছুটা অফ-ফর্মে থাকলেও তার গতি এবং উইং দিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগ ছিন্নভিন্ন করে দেওয়ার ক্ষমতা স্কালোনির বড় ভরসার জায়গা।
- মাতেও পেলেগ্রিনো

পারমার হয়ে নজরকাড়া পারফরম্যান্স করা তরুণ স্ট্রাইকার মাতেও পেলেগ্রিনো প্রথমবারের মতো স্কালোনির স্কোয়াডে ডাক পেয়েছেন। দীর্ঘদেহী এই ফুটবলারের হেডিং ক্ষমতা এবং বক্সের ভেতর পজিশন নেওয়ার দক্ষতা আর্জেন্টিনাকে নতুন অপশন দিচ্ছে।
- জিয়ানলুকা প্রেস্তিয়ানি

২০ বছর বয়সী এই বেনফিকা উইঙ্গারকে নিয়ে বিতর্কের শেষ নেই। শৃঙ্খলাজনিত কারণে বিশ্বব্যাপী নিষেধাজ্ঞার কবলে পড়লেও স্কালোনি তাকে প্রাথমিক দলে রেখেছেন তার বিধ্বংসী ড্রিবলিং ক্ষমতার জন্য। নিষেধাজ্ঞার কারণে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ মিস করলেও টুর্নামেন্টের পরের অংশে তিনি হতে পারেন বড় চমক।
- জায়েদ রোমেরো

গেতাফের এই তরুণ ডিফেন্ডারকেও এবারের প্রাথমিক দলে রাখা হয়েছে। রক্ষণভাগের আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় এবং ফিজিক্যাল ফুটবলে তিনি হতে পারেন আর্জেন্টিনার আগামীর নির্ভরতা।
- জোয়াকিন পানিচেলি

যদিও স্ট্রাসবুর্গের এই ফরোয়ার্ড বর্তমানে লিগামেন্ট ইনজুরি থেকে সেরে ওঠার লড়াই করছেন। তবুও তাকে স্কালোনির ভাবনায় রাখা হয়েছে। তাকে বিবেচনা করা হচ্ছে মার্টিনেজ বা আলভারেজের যোগ্য বিকল্প হিসেবে। যা তার অমিত সম্ভাবনারই বহি:প্রকাশ।











