ভারতীয় ক্রিকেটে এখন অধিনায়ক পরিবর্তনের হাওয়া। বিশ্বকাপ জয় পরবর্তী টি-টোয়েন্টি ফরম্যাট নতুনভাবে শুরু করতে চায় বোর্ড। সেক্ষেত্রে নেতৃত্বের ব্যাটন শেষ পর্যন্ত কার হাতে থাকবে! তা নিয়েই শুরু হয়েছে নতুন সমীকরণ। সুরিয়াকুমার যাদবের অধিনায়কত্বের ভবিষ্যৎ অনেকটাই ঝুলে আছে প্রধান কোচ গৌতম গম্ভীরের সবুজ সংকেতের ওপর।
বিসিসিআই এর আসন্ন এক হাইভোল্টেজ বৈঠকেই নির্ধারিত হতে পারে সুরিয়ার ভাগ্যলিপি। আগামী আফগানিস্তান সিরিজে ভারতের কোনো টি-টোয়েন্টি ম্যাচ নেই। মূলত একটি টেস্ট ও ওয়ানডে সিরিজের দল গড়তেই মঙ্গলবার গুয়াহাটিতে বসছেন নির্বাচকরা।
সঙ্গে থাকছেন বোর্ড সম্পাদক দেবজিৎ সাইকিয়া। তবে আনুষ্ঠানিক দল ঘোষণার চেয়েও এই সভার মূল আকর্ষণ হতে যাচ্ছে টি-টোয়েন্টি অধিনায়কত্বের পরবর্তী রূপরেখা।

শুধু সুরিয়া নন, গুয়াহাটির এই টেবিলে বড়সড় প্রশ্নচিহ্নের মুখে পড়তে যাচ্ছেন ঋষভ পান্তও। টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়ার মূল কাণ্ডারিরা অপরিবর্তিত থাকলেও, পান্তের সহ-অধিনায়কত্ব টিকবে কি না, তা নিয়ে চলছে জোর গুঞ্জন।
টেস্টের সহ-অধিনায়কত্ব তো বটেই, ৫০ ওভারের ক্রিকেটেও পান্তের জায়গা এখন নিষ্কণ্টক নয়। ওয়ানডে সংস্করণে উইকেটের পেছনে লোকেশ রাহুলই এখন নির্বাচকদের প্রথম পছন্দ।
তারপরেই আছেন ধ্রুব জুরেল, সাঞ্জু স্যামসন ও ঈশান কিষাণের মতো তরুণ ও ফর্মে থাকা প্রতিভারা। সব মিলিয়ে, গুয়াহাটির এই আসন্ন বৈঠক ভারতীয় ক্রিকেটের আগামী দিনের নকশা বদলে দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে।











