হাবিবুর রহমান সোহান: বাংলাদেশের ক্রিকেটে নতুন ঝড়ের নাম

পাওয়ার হিটার, বাংলাদেশ ক্রিকেটে এই শব্দটা একটা আক্ষেপের নাম। হন্যে হয়ে খুঁজেও এই সোনার হরিণের খোঁজ পাওয়া যায় না। এখানেই আলোচনায় উঠে এসেছেন হাবিবুর রহমান সোহান।

পাওয়ার হিটার, বাংলাদেশ ক্রিকেটে এই শব্দটা একটা আক্ষেপের নাম। হন্যে হয়ে খুঁজেও এই সোনার হরিণের খোঁজ পাওয়া যায় না। এখানেই আলোচনায় উঠে এসেছেন হাবিবুর রহমান সোহান। ঘরোয়া ক্রিকেটে একের পর এক বিস্ফোরক ইনিংস খেলে নিজের জাত চিনিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।

১৯৯৯ সালের ২০ নভেম্বর জন্ম নেওয়া সোহানের ক্রিকেট যাত্রা শুরু হয় মফস্বল থেকে। রাজশাহীর বিভিন্ন করপোরেট লিগে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়ার পর ২০২০ সালে ঢাকায় এসে পেশাদার ক্রিকেটে মনোযোগ দেন। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

২০২৩ সালে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ওয়ানডে টুর্নামেন্টে নর্থ জোনের হয়ে খেলতে নেমে মাত্র ৪৯ বলে সেঞ্চুরি করে দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম শতকের রেকর্ড গড়েন সোহান। সেই ইনিংসে তিনি নয়টি ছক্কা ও নয়টি চার মেরে ১১৭ রান করেন এবং ভেঙে দেন মাশরাফি বিন মর্তুজার দীর্ঘদিনের রেকর্ড।

তবে সোহানের গল্প শুধু একটি রেকর্ডে আটকে নেই। ২০২৫ সালে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে হংকংয়ের বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে আবারও ইতিহাস গড়েন তিনি। এটি ছিল কোনো বাংলাদেশি ব্যাটারের দ্রুততম টি-টোয়েন্টি শতক। সেই ম্যাচে তিনি অপরাজিত ১০০ রান করেন, হাঁকান ১০টি ছক্কা ও আটটি চার।

 

সম্প্রতি আবারও নিজের বিধ্বংসী রূপ দেখিয়েছেন সোহান। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে(ডিপিএল)  মোহামেডানের বিপক্ষে মাত্র ১৫ বলে ফিফটি করে বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম অর্ধশতকের রেকর্ড স্পর্শ করেন তিনি। জাতীয় দলের গতিতারকা নাহিদ রানার বিপক্ষে তার আগ্রাসী ব্যাটিং ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করেছে।

সোহানের সবচেয়ে বড় শক্তি তার নির্ভীক ব্যাটিং। শুরু থেকেই বোলারদের ওপর চড়াও হওয়ার মানসিকতা এবং বড় শট খেলার ক্ষমতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। অনেক ক্রিকেট বিশ্লেষক মনে করেন, ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখতে পারলে অদূর ভবিষ্যতে জাতীয় দলের জার্সিতেও দেখা যেতে পারে এই হার্ডহিটারকে।

বাংলাদেশ ক্রিকেটে নতুন এক পাওয়ার হিটারের অপেক্ষা অনেক দিনের। হাবিবুর রহমান সোহান সেই অপেক্ষার অবসান ঘটাতে পারবেন কি না, সেটি সময়ই বলে দেবে। তবে তাঁর ব্যাট যে ইতোমধ্যেই ভবিষ্যতের বড় স্বপ্ন দেখাতে শুরু করেছে, তা বলাই যায়।

Share via
Copy link