ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে জর্ডানকে ২-১ ব্যবধানে হারিয়ে এক নাটকীয় জয় তুলে নিয়েছে আলজেরিয়া। পিছিয়ে পড়েও দারুণ মানসিকতায় শেষ পর্যন্ত লড়াই করে এই জয় ছিনিয়ে আনে ভ্লাদিমির পেতকোভিচের দল।
ম্যাচের শুরু থেকেই দুই দল গোলের সন্ধানে মরিয়া ছিল। প্রথমার্ধের ৩৬তম মিনিটে নিজার আল-রাশদানের গোলে এগিয়ে যায় জর্ডান। আলজেরিয়ার রক্ষণভাগের ভুলে তৈরি হওয়া সেই সুযোগ কাজে লাগিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় তারা।
ম্যাচের ৫৪তম মিনিটে আলজেরিয়া সমতায় ফেরার একটি দারুণ সুযোগ হাতছাড়া করে। ইব্রাহিম মাজারের শক্তিশালী শট জর্ডানের গোলরক্ষক ইয়াজিদ আবু লায়লা অসাধারণ দক্ষতায় প্রতিহত করেন। সেই ফিরতি বল পেয়ে রায়ান আইত-নুরি শট নিলেও সেটি লক্ষ্যভ্রষ্ট হয়।

অবশেষে ৬৯তম মিনিটে আলজেরিয়া কাঙ্ক্ষিত সমতায় ফিরে। নাদির বেনবুয়ালির গোলে স্কোরলাইনে ১-১ সমতা আসে। টানা আক্রমণের মুখে জর্ডানের রক্ষণভাগ শেষ পর্যন্ত পরাস্ত হয়।
তবে ম্যাচের ভাগ্য নির্ধারণী মুহূর্তটি আসে ৮২তম মিনিটে। কর্নার থেকে উড়ে আসা বল জর্ডানের গোলপোস্টের খুব কাছ থেকে ডান পায়ের শটে জালে জড়িয়ে আলজেরিয়াকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন আমিন গুইরি। এই গোলটিই শেষ পর্যন্ত জয়ের ব্যবধান গড়ে দেয়।
এই হারের ফলে টানা দুই পরাজয়ে পরবর্তী রাউন্ডে যাওয়ার সমীকরণ থেকে ছিটকে গেল জর্ডান। অন্যদিকে তিন পয়েন্ট নিয়ে নক আউট স্টেজের স্বপ্ন এখনো বাঁচিয়ে রেখেছে আলজেরিয়ানরা।












