আন্তর্জাতিক ক্রিকেটে কতদিনই বা খেলা যায়? পাঁচ বছর, দশ বছর? কিন্তু, আর্জেন্টিনার আলেহান্দ্রো ফার্গুসন খেলছেন দীর্ঘ ৩২ বছর ধরে! ক্রিকেটের বাইশ গজে দীর্ঘায়ুর এক অবিশ্বাস্য রেকর্ড নিজের করে নিয়েছেন এই জীবন্ত কিংবদন্তি, যার পথচলা অনুপ্রাণিত করে চলেছে পুরো বিশ্বকে।
সালটা ছিল ১৯৯৪। কেনিয়ার মাটিতে আইসিসি ট্রফিতে যখন আর্জেন্টিনার জার্সিতে তাঁর অভিষেক হয়, তখন আলেহান্দ্রোর বয়স ছিল মাত্র ১৫ বছর। আজ ৪৭ বছর বয়সে এসেও তিনি সমানে লড়ে যাচ্ছেন। যে বয়সে ব্যাট-বল রেখে অবসরে শান্তিতে জীবনে কাটানোর কথা, সেই বয়সে এসে আলেহান্দ্রো ২২ গজে নেমে যান প্রতিপক্ষের মোকাবিলা করবেন বলে।

আর্জেন্টিনা ফুটবলের দেশ হিসেবেই পুরো বিশ্ব। সেই দেশের ক্রিকেটের খোঁজ এত কেউ রাখে না। কিন্তু, সেই আর্জেন্টিনা থেকেই ক্রিকেটের এই নিভৃত সাধক বছরের পর বছর ধরে ব্যাট-বল হাতে ধরে রেখেছেন এক অদ্ভুত প্যাশন থেকে। যেখানে বড় বড় তারকাদের ক্যারিয়ার এক যুগে শেষ হয়ে যায়, সেখানে ফার্গুসন পার করে দিয়েছেন তিনটি দশক। তিনি যেন ক্রিকেট ইতিহাসের এক অক্ষয় নক্ষত্র।
পরিসংখ্যান দেখে আলেহান্দ্রোকে ঠিক মতো বিচার করা যাবে না। আর্জেন্টিনার জার্সি গায়ে এখনও পর্যন্ত আলেহান্দ্রো টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৩৩টি। ২৫ এর বেশি গড়ে প্রায় ৬০০ ছুঁই ছুঁই রান করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

আর্জেন্টিনা ক্রিকেট খেলতে নামলে টেলিভিশন খুলে বসে যাবে এমন দর্শক পাওয়া যাবে না। আলেহান্দ্রো ফার্গুসনের নামটাও আড়ালে রয়ে যাবে ক্রিকেটের দুনিয়ায়। কিন্তু, তিন দশকের বেশি আয়ুর এই ক্যারিয়ারের কথা শুনলে শ্রদ্ধায় মাথা নোয়াতে বাধ্য হবেন যে কেউই।









