হার্শিতার ব্যাটেই ম্যাচ হারল বাংলাদেশ!

বাংলাদেশের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কা নারী দলকে চার উইকেটের জয় উপহার দিলেন হার্শিতা সামারাবিক্রমা।

​বাংলাদেশের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কা নারী দলকে চার উইকেটের জয় উপহার দিলেন হার্শিতা সামারাবিক্রমা। ১১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একপর্যায়ে চরম বিপর্যয়ে পড়েছিল শ্রীলঙ্কা। সেখান থেকে এক প্রান্ত আগলে রেখে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেন এই বাঁহাতি ব্যাটার।

​প্রথমে ব্যাট করে বাংলাদেশ নারী দল ২০ ওভারে আট উইকেটে ১১৪ রান সংগ্রহ করে। ১১৫ রানের জবাবে ব্যাট করতে নেমে মারুফা আক্তার ও সুলতানা খাতুনদের তোপে শ্রীলঙ্কার টপ অর্ডার দ্রুতই ভেঙে পড়ে। অধিনায়ক চামারি আতাপাত্তুসহ মাত্র ৩৫ রানে চার উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে যায় লঙ্কানরা।

ঠিক সেই চরম মুহূর্তে একাই লড়াইয়ের হাল ধরেন হার্শিতা সামারাবিক্রমা। চাপের মুখে ঠাণ্ডা মাথায় ব্যাটিং করে ৩৭ বলে অপরাজিত ৪৮ রানের একটি দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি।

১২৯.৭৩ স্ট্রাইক রেটে খেলা এই দুর্দান্ত ইনিংসে চারটি চার ও দুইটি ছক্কা হাঁকান তিনি। বিশেষ করে বাংলাদেশের অলরাউন্ডার ঋতু মনির ১২ বলে ২২ রান এবং নাহিদা আক্তারের আট বলে ১০ রান তুলে নিয়ে ম্যাচের গতি শ্রীলঙ্কার দিকে ঘুরিয়ে দেন হার্শিতা।

শেষদিকে তাকে যোগ্য সঙ্গ দেন নীলক্ষিকা সিলভা  ও কাউশানি নুথিয়াঙ্গানা।  এর ওপর ভর করে ১৯.২ ওভারেই ছয় উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। দলের বাকি টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার দিনে হার্শিতার এই একক লড়াই-ই শেষ পর্যন্ত দুই দলের ব্যবধান গড়ে দেয়।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link