২০২৩ পর্যন্ত বার্সেলোনায় মেসি?

চলমান চুক্তিতে আর বাকি ছিলো এক বছর। সময় যতো গড়াচ্ছিলো সঙ্গে সঙ্গে শঙ্কা আর গুঞ্জনও মাথাচাড়া দিয়ে উঠছিলো স্প্যানিশ সংবাদ মাধ্যমে। তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে সম্প্রতি লিওনেল মেসির সঙ্গে নতুন চুক্তির আলোচনা শুরু করেছে বার্সেলোনা। নতুন চুক্তি অনুযায়ী বেতন আর বাড়ছে না বার্সা অধিনায়কের, নতুন মেয়াদে আরও দুই বছরের জন্যে নবায়ন করা হবে তার চুক্তিটি।

রবিবার ক্লাবের সভাপতি হোসে মারিয়া বার্তোমেও ও আর্জেন্টাইন তারকার বাবা হোর্হে মেসি আলোচনায় বসেছিলেন। স্প্যানিশ ক্রীড়াদৈনিক মার্কা জানাচ্ছে, আলোচনার মূল ধারাগুলোর সবকটিতেই দুই পক্ষ সম্মত হয়েছে।

বার্সেলোনার পক্ষ থেকে দুই বছরের চুক্তির প্রস্তাব দেয়া হয় ছয়বারের ব্যালন ডি’অর জয়ীকে। যার ফলে ২০২৩ সাল পর্যন্ত বার্সেলোনাতেই থাকবেন মেসি। তবে আগের চুক্তিগুলোর মতো এবারও চুক্তিতে মেসির কাছে থাকছে প্রতি মৌসুম শেষে দল ছাড়ার বিকল্প। আর এই ধারাটা থাকছে পুরোপুরি বার্সা ফরোয়ার্ডের ইচ্ছাধীন, যাতে হস্তক্ষেপের সুযোগ থাকবে না ক্লাব কর্তৃপক্ষের।

নতুন চুক্তি অনুযায়ী বেতন থাকবে আগের মতোই। চলমান করোনাভাইরাস সমস্যা ফুটবল বিশ্বে যে আর্থিক প্রভাব ফেলছে, সেকথা বিবেচনায় রেখে এ সিদ্ধান্তটা এসেছে দুই পক্ষের সম্মতিতে। চূড়ান্ত ঘোষণা কখন আসবে এ ব্যাপারে স্প্যানিশ সংবাদ মাধ্যম এখনো ধোঁয়াশায়। কিন্তু ক্লাবের নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে, দুই পক্ষের আলোচনা ঠিকঠাকই চলছে এ পর্যন্ত। কোনো ধারা নিয়ে অভিযোগ নেই কোনো পক্ষেরই। ফলে অচিরেই মেসির চুক্তি নবায়ন করা হওয়ার সম্ভাবনাই প্রবল।

এদিকে মেসির চুক্তির পর গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনের চুক্তি নবায়নে আগ্রহ বার্সা কর্তৃপক্ষের। লকডাউনের আগেই মূলত শুরু হয়েছিলো দুপক্ষের আলোচনা। করোনাভাইরাসের কারণে উদ্ভূত লকডাউনের কারণে থমকে যায় সেটি। পরিস্থিতি স্বাভাবিক হতেই আবার আলোচনায় বসতে যাচ্ছে দুই পক্ষ।

তবে জার্মান গোলরক্ষকের বেতনের চাহিদা নিয়ে এর আগে বনিবনতা হয়নি দুপক্ষের। যে খবর ফাঁস হয়েছিলো সংবাদ মাধ্যমে। এ কারণে খোদ সভাপতি বার্তোমেওকে আলোচনায় বসতে হয়েছিলো স্টেগেনের সঙ্গে।

 

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

শিরোপার উল্লাসে লেখা হবে জামালের বিদায়গাথা?

ডেনমার্কের কোপেনহেগেনে জন্ম নেওয়া জামালের ফুটবলের হাতেখড়ি ইউরোপের যুব ফুটবল কাঠামোয়। ব্রন্ডবি আইএফের যুব দল পেরিয়ে মাত্র ১৪ বছর বয়সে সুযোগ পান এফসি কোপেনহেগেনের যুব দলে। সামনে ছিল পেশাদার ফুটবলে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন। কিন্তু ২০০৬ সালে, মাত্র ১৬ বছর বয়সে, গ্যাং-সংক্রান্ত গোলাগুলির মধ্যে পড়ে তাঁর শরীরে বিদ্ধ হয় চারটি বুলেট। কয়েক দিন কোমায় থাকার পর শুরু হয় দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন। একটা সময় আশঙ্কা দেখা দিয়েছিল, হয়তো আর কখনো ফুটবলে ফেরা হবে না তাঁর। কিন্তু জামাল ফিরলেন, হয়ে রইলেন বাংলাদেশ ফুটবলের এক জীবন্ত কিংবদন্তী!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link