বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে ভারত যখন ২-১ ব্যবধানে যখন ওয়ানডে সিরিজ জিতল, ঠিক তখনই ড্রেসিংরুমে জন্ম নিল এক হাস্যরসের খোরাক। যার কেন্দ্রীয় চরিত্রে বিরাট কোহলি এবং আর্শদ্বীপ সিং।
মাঠে ভারতের জয় ছিল একেবারেই দুরন্ত। নয় উইকেটের বিশাল ব্যবধান, আর প্রতিপক্ষকে এক মুহূর্তের জন্যও ম্যাচে ফিরতে না দেওয়ার দৃঢ়তা। ম্যাচশেষের আনুষ্ঠানিকতা শেষে যখন পুরো দল উল্লাসে ব্যস্ত তখনই কোহলি-আর্শদ্বীপের খুনসুটি পর্ব। ক্যামেরায় ধরা পড়ল তাদের মুখরোচক কথোপকথন।

আর্শদ্বীপ মজা করে বলে বসেন কোহলিকে, ‘কিছু রান কম পড়ল ভাই, না হলে আরও একটা সেঞ্চুরি তো পাকা ছিল!’ এমন খুনসুটির জবাব দিতে কোহলি কি আর দেরি করেন! তৎক্ষণাৎ হেসে বলে ওঠেন, ‘ভালো হয়েছে আমরা টস জিতেছি। না হলে তুইও শিশিরে সেঞ্চুরি করে ফেলতিস!’
এমনই তো কোহলি, কখনো প্রতিপক্ষের সামনে করেন বুনো উদযাপন, ব্যাট হাতে ধ্বংসাত্মক, আবার সতীর্থদের সাথে একেবারেই ভিন্ন চরিত্রে আবির্ভূত হন। আর এখন তো তিনি আরও বেশি মুক্ত। আর সেই মুক্ত কোহলিকেই দেখেছে গোটা সিরিজ।

তিন ম্যাচে ৩০২ রান, প্রথম দুই ম্যাচে টানা দুই সেঞ্চুরি, আর শেষ ম্যাচে অপরাজিত ৬৫-এ যেন পুরোনো দিনের রাজকীয় কোহলি। ব্যাটে আগুন, চোখে আত্মবিশ্বাস, আর মনে নতুন এক স্বাধীনতা।











