বড্ড দেরী হয়ে গেল। বড় অবেলায় জ্বলে উঠলেন ট্রাভিস হেড। শেষবেলায় এসে তার ব্যাটের সেই ফিঁকে হয়ে যাওয়া সেই জৌলুশ। আগ্রাসনের প্রতিমূর্তি হয়ে ওঠা ট্রাভিস কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নিজের স্বভাবশুলভ ধারায় ফিফটি তুলে নিলেন।
ছয়টি ছক্কা, আর সমান সংখ্যক চারের সমন্বয়ে তিনি ৭৬ রানের এক ইনিংস খেললেন। ১৯০ স্ট্রাইকরেটে চলেছে তার ব্যাট। এই ধারাতে তিনি ব্যাট করবেন- তেমনটাই ছিল প্রত্যাশিত। কিন্তু মৌসুমের শুরুতে খানিকটা ঝলক দেখালেও সেই অর্থে ধারাবাহিক হতে পারেননি ট্রাভিস।
গত মৌসুমে একখানা সেঞ্চুরি করলেও এবার তেমনটা দেখা যায়নি তার কাছ থেকে। গেল আসরেও তিনি ৪০ এর একটু বেশি গড়ে ব্যাটিং করেছেন। এবার সেই গড় নেমে দাঁড়িয়েছে ৩১.১৬। ঠিক কতটা অধারাবাহিক হয়েছেন তিনি, তা নিশ্চয়ই আর বলে দেওয়ার প্রয়োজন নেই।

তাছাড়া তার স্ট্রাইকরেটও বেশ খানিকটা কমেছে এবারের মৌসুমে। গেল আসরে যেখানে তিনি ১৯১ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন, সেখানে চলতি মৌসুমে তার স্ট্রাইকরেটে ১৬২ এর একটু বেশি। তাছাড়া রান সংগ্রহের দিক থেকেও তিনি পিছিয়ে আছেন এবারের আসরে।
গেল আসরে ৫৬৭ রান করা ট্রাভিস হেড, এবারের মৌসুমে এখন অবধি করেছেন ৩৭২ রান। যদিও তার হাতে এখনও সময় আছে তার মোট সংগ্রহ বাড়িয়ে নেওয়ার। কিন্তু তাতে অবশ্য দলের বিশেষ কোন ফায়দা হচ্ছে না। বরং টুর্নামেন্টের শুরু থেকে ধারাবাহিক আগ্রাসন ধরে রাখতে পারলে সানরাইজার্স হায়দ্রাবাদকে টিকিয়ে রাখতে পারতেন। কিন্তু তেমনটি ছিল অনুপস্থিত।
এবারে হায়দ্রাবাদ তাদের ব্যাটারদের উপরই ধরেছিল সমস্ত বাজি। তাদের মধ্যে হেড ছিলেন অন্যতম। কিন্তু ব্যাটারদের ব্যর্থতা তাদেরকে ডুবিয়েছে। গেল মৌসুমের রানার্সআপ এদফা প্লে-অফের ধারেকাছেও নেই। এমন দুর্দশার দিনে হেডের এমন ইনিংস বরং হায়দ্রাবাদের সমর্থকদের আফসোস বাড়িয়েছে।












