শুধু ব্যাট দিয়েই নয়, মুখ দিয়েও জবাব দিলেন অভিষেক শর্মা। আর সেই তোপটা গেল পাকিস্তানের হারিস রউফের ওপর দিয়ে। দু’জনের কথা কাটাকাটি এতটাই কঠিন আকার ধারণ করে যেটা সামলাতে এগিয়ে আসতে হয় আম্পায়ারদের।
ঘটনার সূত্রপাত ভারতের ইনিংসের পঞ্চম ওভারে। দ্বিতীয় বলেই বাউন্ডারি দিয়ে পাকিস্তানি এই পেসারকে অভিবাদন জানান অভিষেক শর্মা। তাতেই যেন তেতে উঠেন হারিস রউফ। কথার লড়াইটা চলছিল তখন থেকেই।
চতুর্থ বলে কাভার পয়েন্ট দিয়ে একটা ডাবল নেন অভিষেক। তখন বোলিং লাইন আপে ফিরে যাওয়ার সময় অভিষেককে কি যেন বলেন হারিস রউফ। পঞ্চম বলে একটা সিঙ্গেল নেওয়ার পর শেষ বলে স্ট্রাইকে আসেন শুভমান গিল।

অফ স্টাম্পের বাইরে সামান্য ছোট লেংথের বল, গিল শর্ট-আর্ম পুল খেললেন মিড–উইকেটের ফাঁক গলে। ব্যাট থেকে দারুণ গতিতে বেরিয়ে গেল বলটা, শটটা খেললেন নিখুঁতভাবে—ফাঁকা জায়গায় ঠিকঠাক চলে গেল।
যেন শৈশবের বন্ধু অভিষেকের হয়ে জবাব দিলেন গিল। আর এরপরই শুরু হলো রউফ আর অভিষেকের মধ্যে কথার লড়াই। রীতিমত দু’জন মুখোমুখি হলেন। হাত নেড়ে নেড়ে উত্তপ্ত বাক্য বিনিময় হল। গিলও সেখানে যোগ হলেন। মাঝে পড়তে হল বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেলকে।
হারিস রউফের ওপর সেই ক্ষোভ পুরোটা ম্যাচ জুড়েই ঝেড়ে গেলেন অভিষেক। ৩৯ বলে ৭৪ রান করেন। ভারতের জয় নিশ্চিত করে তবেই মাঠ ছাড়েন।










