কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দল জিতেছে ৬৫ রানের বিশাল ব্যবধানে। কিন্তু, জয়ের আনন্দ শতভাগ উপভোগ করার ভাগ্য হয়নি সানরাইজার্স হায়দ্রাবাদের ওপেনার অভিষেক শর্মার জন্য। শোভনীয় নয় এমন ভাষা ব্যবহার করার কারণে শাস্তি পেতে হয়েছে।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ট্রাভিস হেডের সাথে মিলে আক্রমণ চালাতে শুরু করেন আন্তর্জান্তিক টি-টোয়েন্টিতে ১৯০ স্ট্রাইক রেটে ব্যাট করা অভিষেক। সুন্দর শুরু করলেও শেষটা ভালো হয়নি তাঁর।
আউট হওয়ার আগে ৪৮ রান আসে তাঁর ব্যাট থেকে। তবে, যে ক্যাচ দিয়ে তিনি সাজঘরে ফিরেছেন তা আসলেই আউট ছিল কিনা তা নিয়ে বিতর্ক দেখা গেছে। অভিষেকও সম্ভবত রেগে যান এই কারণে।

কেমন শব্দ ব্যবহার করেছেন তা সম্পর্কে আইপিএল কর্তৃপক্ষ থেকে খোলাসা করা হয়নি। ধারণা করা যায় যে, আউট হয়ে ফেরার মুহূর্তেই মেজাজ হারিয়ে অশোভন কিছু এই বাঁহাতি ব্যাটারের মুখ দিয়ে বের হয়ে যায়।
এই কারণেই ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয় তাঁকে। এর সাথে যোগ করা হয়েছে একটি ডেমেরিট পয়েন্টও। অভিষেক অবশ্য এর বিরোধিতা করেননি। মেনে নিয়েছেন ম্যাচ রেফারির সিদ্ধান্তকে।
অবশ্য, শাস্তি পেলেও দিনটি খারাপ যায়নি অভিষেকের। চারটি করে চার-ছক্কা হাঁকিয়ে ২১ বলে করেছিলেন ৪৮ রান। বড় সংগ্রহ গড়ার পেছনে এই ইনিংসের ভূমিকা ছিল বেশ বড়।











