ওয়ানিন্দু হাসারাঙ্গার তেলেই তাঁকে ভাঁজলেন আবরার আহমেদ। ব্যাটারদের কেমন লাগে সেটা এবার হাড়ে হাড়ে টের পেলেন লঙ্কান লেগ স্পিনিং অলরাউন্ডার। হাসারাঙ্গাকে সাজঘরে পাঠিয়ে তাঁর উদযাপন অনুকরণ করেই উল্লাস করলেন আবরার।
১২তম ওভার, পাকিস্তানের লেগ স্পিনার আবরাহ আহমেদের হাতে বল। গুগলিটা ছেড়ে দিলেন তিনি অফ স্টাম্পের বাইরে, খানিকটা ফ্লাইট দিয়ে। হাসারাঙ্গা এগিয়ে এলেন, চোখে মুখে আগ্রাসন, শটটা মারবেন বুঝি বেশ জোরে।

কিন্তু, ব্যাট আর বলের দেখা হলো না। ব্যাটটা বাতাস কেটে গেল, আর বল গড়িয়ে ঢুকে পড়ল স্টাম্পে। আসল নাটক শুরু হল আসলে এর পর। উইকেট নেওয়ার পর আবরার নকল করে দেখালেন হাসারাঙ্গারই বিখ্যাত সেলিব্রেশন! হাত নাড়িয়ে বুঝিয়ে দিলেন কার উইকেট পেয়েছেন তিনি।
গ্যালারিতে মিশে গেল উল্লাস আর বিস্ময়। হয়তো ভেতরে ভেতরে ক্ষুব্ধ হাসারাঙ্গা, কিন্তু করার কিছু নেই। ১৩ বলে ১৫ রানের ইনিংস খেলৈ সাজঘরে ফিরে যেতে হলো তাঁকে। শ্রীলঙ্কার ষষ্ঠ উইকেটের পতন।

এমনিতেই লঙ্কান ব্যাটিংয়ের বেহাল দশা। এর সাথে ব্যাটার হাসারাঙ্গার যন্ত্রনা আরও বাড়িয়ে দিলেন আবরার। প্রতিপক্ষের হাতে নিজেরই উদযাপনের বিদ্রূপ নিশ্চয়ই আশা করেননি তিনি।










