শাহীন আফ্রিদি ফর্মে নেই, শাহীন আফ্রিদি ছন্দে নেই। কিন্তু, রোহিত শর্মার উইকেটটা যেন তাঁর কাছে এক চিরকালীন শখ। একে তো পেস আক্রমণের প্রধান অস্ত্র, অন্যদিকে ভারতীয় ওপেনারের উইকেট চিরকালই ছিল আফ্রিদির জন্য বিশেষ কিছু। তাঁর ওপর মাঠে যখন খোদ শহীদ আফ্রিদি আছেন, শাহীন তো জ্বলে উঠবেনই।
আইসিসি ইভেন্টে রোহিতের উইকেট নেওয়ার ইতিহাসটাওও বেশ রোমাঞ্চকর—শেষ চারটি টুর্নামেন্টের তিনটিতে তার শিকার হয়েছেন রোহিত শর্মা। কিন্তু, সমস্যাটা ছিল গত কয়েক ম্যাচে। এমনকি যখন এই উইকেটটির প্রয়োজন ছিল, আফ্রিদি কিছুটা দেরি করে ফেলেছিলেন এবং সে কারণে পাকিস্তান বিপদে পড়েছিল।

তবে, এবার আর দেরি করলেন না। ইনস্যুইং ডেলিভারিতে রোহিত শর্মার রক্ষণ ভেদ করে সোজা গিয়ে বল আঘাত হানল স্ট্যাম্পে। স্ট্যাম্পের পতনে দু’হাত তুলে এক রোমাঞ্চকর উদযাপন করলেন শাহীন। হ্যাঁ, শাহীন আফ্রিদি ফেরার আভাস দিলেন! তবে, তাঁর কাজ এখনও শেষ হয়নি।
এখানে চাইলে খোদ শহীদ আফ্রিদির ভূমিকাও দেখা যায়। ইনিংসের শুরুতেই মাঠে আসেন আফ্রিদি সিনিয়র। শ্বশুর যখন গ্যালারিতে উপস্থিত, তখন শাহীন যেন এক নতুন উৎসাহ খুঁজে পেয়েছিলেন। সপ্তম ওভারে যখন বোলিংয়ে ছিলেন শাহীন আফ্রিদি – তখন বারবার ক্যামেরায় দেখানো হচ্ছিল সুদর্শন শহীদ আফ্রিদিকে। শহীদ আফ্রিদির এই উপস্থিতিই হয়তো শাহীনের জন্য সৌভাগ্য বয়ে আনল।

রোহিত শর্মা ঝড়ো শুরুর আভাস দিয়েছিলেন। তাঁকে ফিরিয়ে দিয়ে আত্মবিশ্বাস ফিরে পান শাহীন। এখন আগের মত নিজের অস্তিত্বের জানান তিনি বারবার দিতে পারেন কি না – এখন সেটাই দেখার ব্যাপার।










