এআই বলছে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবে ভারত

খেলা ৭১ ডিপ সিক ও চ্যাট জিপিটি, এই দুই কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে জানতে চেয়েছিল, জিতবে কে, ভারত না নিউজিল্যান্ড?

সবাই অধীর আগ্রহে অপেক্ষমান, কে জিতবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেই শিরোপা? দর্শকমহলও বিভাজিত, কেউ বলছেন ভারত জিতবে, কেউ আবার নিউজিল্যান্ডকে এগিয়ে রাখছেন। খেলা ৭১ তাই দুই আলাদা কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে প্রশ্ন রেখেছে, ডিপ সিক ও চ্যাট জিপিটি, এই দুই কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে জানতে চাওয়া হয়েছিল, জিতবে কে?

এক্ষেত্রে কোন বিভাজন অন্তত চোখে পড়েনি। প্রথমেই অবশ্য ডিপসিক বেশ ভণিতা করতে চাইল। চ্যাটজিপিটি তো অনলাইনে থাকা বিভিন্ন আর্টিকেলের লিংক দিয়ে দায়সারা জবাব দিতে চাইল। ডিপসিক দুই দলের শক্তিমত্তা, দূর্বলতা তুলে ধরে প্রথমে জানাল, দুই দলের যে কোন দল হতে পারে বিজয়ী।

এরপর মূলত একটু কড়াভাবেই জিজ্ঞেস করা হয়, সোজাসাপ্টা উত্তর দিতে বলা হয়। তারা এবার আর কোন ভণিতা করেনি। ডিপসিক ও চ্যাটজিপিটি, দুই এআই জানিয়েছে যে ভারতই হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন। ডিপসিক নিজের উত্তরের প্রেক্ষিতে বেশ কিছু যুক্তি দিয়েছে।

প্রথমত, ভারতের ব্যাটিং ফায়ারপাওয়ার- ভারত দলে রোহিত শর্মা, শ্রেয়াস আইয়াররা রয়েছেন। শুভমান গিল তো বিশ্বের এক নম্বর ব্যাটার। সাথে ইনফর্ম বিরাট কোহলিও রয়েছেন টিম ইন্ডিয়ার পতাকাতলে। এই ব্যাটিং ইউনিটই হতে পারে দলটির জয়ের অন্যতম কারণ।

দ্বিতীয়ত, ভারতের বিচিত্র বোলিং- দলটিতে মোহাম্মদ শামির মত পেসার রয়েছেন। তাছাড়া কুলদ্বীপ যাদব চায়নাম্যান, ফিঙ্গার স্পিনার অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা সেই সাথে রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী। যেকোন দলের জন্যেই এই বোলিং আক্রমণ একটা আতঙ্কের নাম।

চ্যাটজিপিটির ভাষ্যও প্রায় একই। ভারতের স্কোয়াডের ডেপথ রয়েছে। দলটাও ভারসাম্যপূর্ণ। তাছাড়া সাম্প্রতিক ফর্মও তাদের পক্ষে রয়েছে। এছাড়াও চ্যাটজিপিটির একটি পয়েন্ট বেশ গুরুত্বপূর্ণ ছিল বটে। বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা। ভারতের প্রায় একই দল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলেছে। তাছাড়া ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছে দলটিতে।

এসব কারণেই ভারত খানিকটা এগিয়ে। তবে পুরনো ইতিহাস রয়েছে নিউজিল্যান্ডের পক্ষে। এখন পর্যন্ত দুইটি আইসিসি টুর্নামেন্ট জিতেছে নিউজিল্যান্ড। সেই দুইটি টুর্নামেন্টের ফাইনালে ভারত ছিল তাদের প্রতিপক্ষ। তিনে-তিন করতে পারবে নাকি ব্ল্যাক্যাপসরা, সেটাই এখন দেখবার বিষয়। নাকি ডিপসিক ও চ্যাটজিপিটির অনুমানই সঠিক প্রমাণিত হয়।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link