চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই বিশ্বকাপের জন্য সব প্রস্তুতি নিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। তবে প্রথম অধ্যায়ে এসেছে বড় ধাক্কা, প্যাট কামিন্স এখন আর ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে নেই। পিঠের চোট তাঁকে বিশ্বকাপের দর্শক বানিয়েই রাখল। তার জায়গায় রাখা হয়েছে বেন ডোয়ারসুইসকে। সেই সাথে দলে জায়গা হয়নি বিগ ব্যাশ মাতানো স্টিভেন স্মিথেরও।
কামিন্সের অনুপস্থিতি অনেকের চোখে হতাশার মতো, কারণ অস্ট্রেলিয়ার পরিকল্পনায় তিনি ছিলেন মূল নাম। প্রাথমিক ১৫ জনের দলে রাখা হয়েছিল তাঁকে, যাতে তিনি প্রথম রাউন্ডগুলো পার হয়ে পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেন।
কিন্তু ডাক্তারের পরামর্শ এবং শেষ স্ক্যান রিপোর্টে বলা হয়েছে, ‘আরও সময় প্রয়োজন।’ তবে ডোয়ারসুইসকে নিয়ে আশাবাদী অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের ঘাড়তি পোষাতে তিনিই যে এখন উপযুক্ত নাম।

অজিদের বিশ্বকাপ দল থেকে নাম কাটা গেছে ম্যাথিউ শর্টেরও। জায়গা হারিয়েছেন ছন্দে থাকা ম্যাট রেনশর কাছে। রেনশর অন্তর্ভুক্তি মিডল অর্ডারের শক্তি বাড়াবে।
বিগ ব্যাশে ঝড় তোলা স্মিথকে নিয়ে কানাঘুষা ছিল বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেবেন তিনি। তবে শেষ পর্যন্ত তাকেও ডাকা হয়নি আর। অবশ্য কম্বিনেশনের মারপ্যাঁচে জায়গা করে নেওয়া দুস্করই বটে।
তবে বাদ বাকি যারা আছেন তারা প্রত্যাশিতই ছিল। বিশ্বকাপে দলটির নেতা হিসেবে মিচেল মার্শই থাকছেন। ট্রাভিস হেডকে রাখা হয়েছে সহ অধিনায়কের ভূমিকায়। জশ হ্যাজেলউডকে নিয়ে শঙ্কা থাকলেও সেটা এখন উবে গেছে। দলে ফিট হয়েই থাকছেন তিনি।

সবমিলিয়ে অস্ট্রেলিয়ার চূড়ান্ত স্কোয়াড: মিচেল মার্শ (ক্যাপ্টেন), জাভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, বেন ডোয়ারসুইস, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাট কুনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট রেনশ, মার্কাস স্টইনিস, অ্যাডাম জাম্পা।











