বাবর আজমকে ঘিরে কেন এত অস্বস্তি পাকিস্তানের?

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে বাবর আজম এক অনন্য নাম। ৪,৪২৯ রান, ৩৮ টি অর্ধ শতক, তিনটি শতক - সংখ্যাগুলোই বলে দেয় তাঁর ধারাবাহিকতা। কিন্তু এই পরিসংখ্যানের আড়ালেই লুকিয়ে আছে যেন এক দোটানা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে বাবর আজম এক অনন্য নাম। ৪,৪২৯ রান, ৩৮ টি অর্ধ শতক, তিনটি শতক – সংখ্যাগুলোই বলে দেয় তাঁর ধারাবাহিকতা। কিন্তু এই পরিসংখ্যানের আড়ালেই লুকিয়ে আছে যেন এক দোটানা। কারণ অন্তত ৩,৫০০ রান করা ব্যাটারদের মধ্যে বাবরের স্ট্রাইক রেট (১২৮.৪৫) সবচেয়ে কম।

এই বাস্তবতাই আগামী মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাবরের জায়গা নিয়ে প্রশ্ন তুলেছে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতিমূলক টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান যখন বাবরকে ডাম্বুলায় নিয়ে যায়নি, তখন সন্দেহ আরও জোরালো হয়।

সিরিজটি আইসিসির পূর্ব নির্ধারিত কোনো সফরসূচির অংশ ছিল না। কেবল বিশ্বকাপের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার লক্ষ্যেই আয়োজন করা হয়েছিল। অথচ সেই গুরুত্বপূর্ণ প্রস্তুতির বাইরে রাখা হয় দলের সবচেয়ে বড় তারকাকে।

এরপর আসে বিগ ব্যাশ লিগ। অস্ট্রেলিয়ায় বাবরের পারফরম্যান্স ছিল ভয়াবহ উদ্বেগজনক। ১১ ইনিংসে মাত্র ২০২ রান, স্ট্রাইক রেট ১০৩.০৬। পুরো মৌসুমে ছক্কা হাঁকিয়েছেন মাত্র তিনটি। এই ব্যর্থতাই বিশ্বকাপ ভাবনায় পাকিস্তানকে নতুন করে ভাবতে বাধ্য করে।

তবুও নির্বাচকেরা বাবরের ওপর আস্থা রাখছেন। নির্বাচক আকিব জাভেদের মতে, শ্রীলঙ্কার ব্যাটিং কন্ডিশন মাথায় রেখেই বাবরকে বিশ্বকাপ দলে রাখা হয়েছে। অধিনায়ক সালমান আলী আগার অবস্থান আরও স্পষ্ট। তাঁর মতে বাবর খারাপ করেননি, বরং ফেরার পর ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন বলেই তাঁর বিশ্বাস।

তবে বাবরের অনুপস্থিতিতে তিন নম্বরে ব্যাটিং করতে নেমে পারফর্ম করছেন অধিনায়ক সালমান আঘা। নিউজিল্যান্ড সিরিজে ধারাবাহিক সুযোগ পাওয়ার পর ডাম্বুলায় ১২ বলে ৪৫ রানের বিধ্বংসী ইনিংস তাঁর অবস্থানকে আরও শক্ত করেছে। তিন নম্বরে সালমানের স্ট্রাইক রেট ১৬৫.৪২। যা পাকিস্তানের যেকোনো ব্যাটারের চেয়ে বেশি। গড়ও বেড়ে দাঁড়িয়েছে ৩৫.৪০ এ।

শ্রীলঙ্কার ধীর ও নিচু উইকেটে পাওয়ারপ্লে সর্বোচ্চ কাজে লাগানোই হবে বিশ্বকাপে সাফল্যের চাবিকাঠি। সেই হিসেবে তিন নম্বরে সালমানই সবচেয়ে যৌক্তিক পছন্দ। তাই দলে থাকলেও প্রশ্ন উঠছে এখন বাবরের ব্যাটিং পজিশন নিয়ে।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link