রোনান সুলিভানের নেওয়া শটটা জাল খুঁজে নেওয়ার সঙ্গে সাথেই তৈরি হলো ইতিহাস। টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে সাফ অনুর্ধ-২০ চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। দেশের ফুটবল বিল্পবে জয়গাঁথা লেখা হলো।
প্রথমার্ধে বাংলাদেশের দাপট চোখে পড়ার মতো। মধ্যমাঠে বল দখল, প্রতিটি আক্রমণকে পরিকল্পিতভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিল। তবে ভারতও সহজে হার মানেনি, দ্বিতীয়ার্ধে আক্রমণে তারা এগিয়ে গেলেও বাংলাদেশের রক্ষণভাগ এবং গোলরক্ষক মাহিন যেন অটল দুর্গ। ভারতের আক্রমণগুলো বাংলাদেশকে চাপে ফেললেও সোনার হরিণ গোলের দেখা পাইনি।
বাংলাদেশও চুপ ছিল না। রোনান সুলিভান প্রতিপক্ষের ডিফেন্সকে বারবার চাপে রাখছিলেন। কিছু সুযোগ তৈরি করলেও ভারতীয় গোলরক্ষকের দৃঢ়তায় গোল পাওয়া হয়নি।

নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য ড্রয়ে শেষ হলেও উত্তেজনা থামেনি, দুই দলই যেন পরিশ্রমের মুকুট পাওয়ার লড়াই চালাচ্ছিল। ম্যাচটি গড়ায় টাইব্রেকারে।
যেখানে বাংলাদেশের সাহসিকতা এবং একাগ্রতা সাফল্যের চাবিকাঠি হয়ে দাঁড়ায়। পঞ্চম শটে রোনান সুলিভান ঠিক সময়ে গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন, ৪-৩ গোলে ভারতকে হারিয়ে শিরোপা নিশ্চিত হয়।
মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামের হাওয়া যেন বাংলাদেশের নাম ছড়িয়ে দিল আকাশ-বাতাসে। রঙিন রোশনাই, উত্তাল ভক্তদের উল্লাস, মিলেমিশে একাকার হলো যুবাদের স্বপ্নাতুর চোখ আর বুকভরা সাহসে।












