যুদ্ধ জয় শেষে ছেলে বাড়ি ফিরেছে। বাবাকে জড়িয়ে ধরেছে। বাবা নিজেকে ধরে রাখতে পারেনি। চোখ জুড়ে দুই সাগর ভর্তি জলরাশি। কি হৃদয় কাঁপানো এক দৃশ্য।
দৃশ্যটা বাংলাদেশের। ঢাকার জাতীয় স্টেডিয়ামে মাত্রই ভারতের বিপক্ষে ম্যাচটা শেষ হল। ২২ বছর পর ভারতকে হারিয়ে অধরা জয় ছুঁয়ে দেখেছে হামজা, সামিত জায়ানরা।

ম্যাচ শেষে উদযাপনটা ছিল দেখার মত। জায়ান ফিরে গেলেন গ্যালারিতে। হাত বাড়িয়ে খুঁজে বের করলেন বাবাকে। বাবা ছেলের আলিঙ্গনের সুন্দর মুহূর্ত ধরা পড়ল ক্যামেরায়।
বাবা শরীফ আহমেদ নিজেকে সামলাতে পারলেন না। বাবা-ছেলের দুজনের আনন্দে চোখ ভিজে গেল! সুন্দর এই মুহূর্তটা বাঁধাই করে রাখার মত এক দৃশ্য। এই সুখের বন্যায় ভরে গেল বাংলাদেশের ফুটবল।

আমেরিকায় জন্ম নেওয়া জায়ান গেল আগস্টে যুক্ত হয়েছেন জাতীয় দলে। খুব বেশি ম্যাচ খেলার সুযোগ এখনও না হলেও, আমেরিকায় ফুটবল খেলার অভিজ্ঞতা ও সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে এই লেফট ব্যাককে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ বলাই যায়।










