ব্যাটে-বলে অপ্রতিরোধ্য বাংলাদেশের সামনে অসহায় আত্মসমর্পণ করল আয়ারল্যান্ড। প্রথম ম্যাচে হোচট খেলেও দাপটের সাথে টানা দুই ম্যাচ জিতে সিরিজ বাগিয়ে নিল স্বাগতিকরা। সেই সাথে বিশ্বকাপের আগে প্রস্তুতি পরীক্ষায় পাশ মার্কও তুলে ফেলল লিটন দাসের দল।
সিরিজ নির্ধারণী ম্যাচের টস কয়েন যায় আইরিশদের পক্ষেই, ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সফরকারী দল। শুরুটাও নিজেদের পক্ষে করে নিচ্ছিল তারা। তবে ৩৮ রানের মাথায় শরিফুলের হানা। এরপর থেকেই লাগাম যায় বাংলাদেশের হাতে।
মুস্তাফিজ-রিশাদদের ঝড়ে কবলে পড়ে ছিন্নভিন্ন হয় আইরিশ ব্যাটিং লাইনআপ। রিশাদের গুগলি আর ফিজের অভিজ্ঞতার সামনে নিমিষেই যেন সব শেষ তাদের। দুজনেই নেন তিনটি করে উইকেট, ফলাফলস্বরূপ মাত্র ১১৮ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড।

জবাবে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে রদবদল আনে বাংলাদেশ। তানজিদ তামিমের সঙ্গী হন সাইফ হাসান। অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা নিজেদের করে নেন দুই ব্যাটার। তবে ৩৮ রানের মাথায় সাইফ সাজঘরের পথ ধরেন। লিটনের স্থায়িত্বকালও বেশিক্ষণ হলো না, আট রান বাদে ফেরেন তিনিও।
ইমনের নতুন রোল, ওপেনার নয় এবার মিডল অর্ডারের দায়িত্ব কাঁধে চেপেছে। তবে দায়িত্বটা বেশ ভালোভাবেই সামলে নিয়েছেন, তামিমকে দিয়েছেন যোগ্য সঙ্গ। অন্যপ্রান্তে তামিমের ব্যাট ছড়ি ঘুরিয়েছে আইরিশ বোলারদের উপর। নিজের স্বাভাবিক খেলাটায় খেলে গেছেন পুরোটা সময়।
ফিফটি তুলে দলকে দেন জয়ের স্বাদ। আট উইকেট এবং ৩৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে তরী ভেড়ায় বাংলাদেশ। সেই সাথে বছরের শেষ সিরিজটাও নিজেদের দখলে নেয় লিটন বাহিনী।












