ছয়ে ছয়। নেপালের কীর্তিপুরে স্কটল্যান্ড নারী দলের বিপক্ষে সুপার সিক্সের ম্যাচে একচেটিয়া আধিপত্য দেখাল বাংলাদেশের মেয়েরা। নিগার সুলতানার জ্যোতির ঝড়ো ব্যাটিং আর মারুফা আক্তারের পেস ভেলকিতে ৯০ রানের বিশাল জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের জয়যাত্রা আরও দৃঢ় হলো। গ্রুপ পর্বের চার জয়ের পর সুপার সিক্সে টানা দুই ম্যাচ জিতে ছয় ম্যাচে ছয় জয়, পরিসংখ্যানই বলে দিচ্ছে, এই দলটা এখন দারুণ ছন্দে।
ত্রিভুবন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরু থেকেই আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলতে নামেন দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস। স্কটিশ বোলারদের ওপর চাপ তৈরি করে উদ্বোধনী জুটিতে দ্রুতই যোগ করেন ৬৭ রান।

ওপেনিং জুটির বিদায়ের পর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেন অধিনায়ক নিগার সুলতানা। চতুর্থ উইকেটে সোবহানা মোস্তারিকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন ১০০ রানের অনবদ্য জুটি।
মাত্র ৩৫ বলে পাঁচ চার ও তিন ছক্কায় জ্যোতির ব্যাট থেকে আসে ৫৬ রান। অন্য প্রান্তে সোবহানা মোস্তারি ছিলেন আরও বিধ্বংসী। মাত্র ২৩ বলে ৪৭ রান করে স্কটল্যান্ডের বোলিং আক্রমণকে একপ্রকার ছিন্নভিন্ন করে দেন তিনি। নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৯১ রান।
রান তাড়ায় নেমে শুরু থেকেই ধাক্কা খায় স্কটল্যান্ড। ইনিংসের প্রথম বলেই উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন মারুফা আক্তার। একের পর এক উইকেট হারিয়ে স্কটিশদের ইনিংস দ্রুতই ছন্দ হারায়।

শেষ পর্যন্ত ২০ ওভার খেলেও নয় উইকেট হারিয়ে মাত্র ১০১ রানে থামে তাদের ইনিংস। মারুফা আক্তার নেন ৩টি উইকেট, আর তাঁকে সঙ্গ দেওয়া স্বর্ণা আক্তার শিকার করেন দুটি উইকেট।
Share via:











