অবশেষে সস্তি ফিরল অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে। সাউথ আফ্রিকার বিপক্ষে ২২ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন দুই অজি ওপেনার মিলে। সেই সাথে টপ অর্ডারের তিন ব্যাটারের সেঞ্চুরিতে ছিন্নভিন্ন হলো অতিথিদের বোলিং আক্রমণ।
সিরিজের শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিং করতে এসে ট্রাভিস হেড এবং মিচেল মার্শ যেন রুদ্রমূর্তি ধারণ করেন। ছন্দ খুঁজে ফেরা হেডও আজ ফিরলেন চেনা মেজাজে। মার্শও যোগ দিলেন সেইসাথে, দুজনের ব্যাট টি-টোয়েন্টি স্টাইলে চলতে থাকল।
২৫০ রানের রেকর্ড গড়া জুটি উপহার দিলেন দুই ব্যাটার। এর আগে অজিদের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ওপেনিং জুটি ছিল ২৮৪ রানের। তবে সেটি ভাঙতে না পারলেও সাউথ আফ্রিকার বিপক্ষে সর্বকালের সেরা ওপেনিং পার্টনারশিপ ঠিকই এলো। ভেঙে গেল ২২ বছরের পুরনো রেকর্ড। এর আগের রেকর্ডটি ছিল ২০০ রানের।

তবে ১০৩ বলে ১৪২ রানের বিধ্বংসী ইনিংস খেলে সাজঘরে ফেরেন হেড। এরপরই দায়িত্ব বুঝে নেন ক্যামেরুন গ্রিন। অপর প্রান্তে সেঞ্চুরি করে মার্শ ফিরলে শুরু গ্রিনের ব্যাটিং তাণ্ডব।
২৮ বলেই তুলে নেন ফিফটি, শেষপর্যন্ত তাঁর ইনিংস গিয়ে দাঁড়ায় ৫৫ বলে ১১৮ রানের। ছয় চার আর আট ছয়ের সাথে যার স্ট্রাইক রেট ছিল ২১৪ এর উপরে।
সেই সাথে আরও এক রেকর্ড গড়ে ওঠে। অস্ট্রেলিয়ার ওয়ানডে ইতিহাসে এই প্রথম টপ অর্ডারের তিনজন ব্যাটারই সেঞ্চুরি করেছেন। তাঁদের ব্যাটে ভর করে অস্ট্রেলিয়া স্কোরবোর্ডে ৪৩১ রান তোলে।

এই ম্যাচে রেকর্ড গড়তেই যেন মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। তাই তো সিরিজ হারার দগ্ধ ক্ষত নিয়ে জ্বলে উঠল স্বাগতিকরা। আর ব্যাটিং আগুনে ছারখার হলো সাউথ আফ্রিকার বোলাররা।











