তিন দলের টুর্নামেন্ট করবে বিসিবি

সব ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার ঐতিহ্যবাহী শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ ডে নির্ধারিত হয়েছে ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি, আর শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি। তবে মাঠের লড়াইয়ের আগেই দর্শকদের জন্য থাকছে বাড়তি আয়োজন। প্রতিদিন বিকেল ৪টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচ।

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার ধাক্কা সামলাতে মরিয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খেলোয়াড়দের মাঠে রাখতে ও ক্রিকেট বানিজ্যের পথ খোলা রাখতে পরিস্থিতিকে নিজেদের পক্ষে টানাতে হবে। সেই ভাবনা থেকেই বিসিবি তিন দলের একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের পথে হাঁটল।

ফেব্রুয়ারিতে ঢাকায় জমে উঠতে যাচ্ছে টি-টোয়েন্টির নতুন উৎসব। বাংলাদেশের ক্রিকেটকে আরও চাঙা করতে এবং এই ফরম্যাটের সেরা তারকাদের এক মঞ্চে আনতেই বিসিবি অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের ঘোষণা দিল। এই প্রতিযোগিতায় অংশ নেবে দেশের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটারদের নিয়ে গঠিত তিনটি দল। ধূমকেতু একাদশ, যার নেতৃত্বে থাকছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস। দুর্বার একাদশ-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত, আর দুরন্ত একাদশকে নেতৃত্ব দেবেন আকবর আলী।

কোচিং প্যানেলেও রয়েছে অভিজ্ঞতার ছাপ। ধূমকেতু একাদশের হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিন, সঙ্গে সহকারী কোচ হিসেবে থাকছেন মোহাম্মদ আশরাফুল। দুর্বার একাদশের দায়িত্বে হেড কোচ মিজানুর রহমান বাবুল এবং সহকারী কোচ তুষার ইমরান। আর দুরন্ত একাদশকে গড়ে তুলবেন হেড কোচ হান্নান সরকার, তাঁর ডানহাত হবেন রাজিন সালেহ।

এই টুর্নামেন্টে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে ইমপ্যাক্ট প্লেয়ার কনসেপ্ট, যা ম্যাচের কৌশলগত দিককে আরও রোমাঞ্চকর করে তুলবে। ঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত—এই নতুন নিয়মই বদলে দিতে পারে ম্যাচের গতিপথ।

সব ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার ঐতিহ্যবাহী শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ ডে নির্ধারিত হয়েছে ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি, আর শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি। তবে মাঠের লড়াইয়ের আগেই দর্শকদের জন্য থাকছে বাড়তি আয়োজন। প্রতিদিন বিকেল ৪টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচ।

এই পুরো টুর্নামেন্টে মোট পুরস্কারমূল্য ও খেলোয়াড় ফি মিলিয়ে রাখা হয়েছে আড়াই কোটি টাকা, যা স্থানীয় প্রতিযোগিতার জন্য বেশ বড় অঙ্কই বলা যায়। দর্শকদের জন্য টিকিটের দামও রাখা হয়েছে হাতের নাগালে—ইস্টার্ন গ্যালারিতে ১০০ টাকা, নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ডে ২০০ টাকা, ক্লাব হাউজে ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখার সুযোগ মিলবে এক হাজার টাকায়।

Share via
Copy link