পাকিস্তান সিরিজের আগে বিসিএল ওয়ানডে খেলবেন মিরাজরা

ওয়ার কথা ছিল অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্ট। কিন্তু তা বদলে হয়ে যাচ্ছে চার দলের বিসিএল ওয়ানডে টুর্নামেন্ট। কারণ জাতীয় দলের বিশ্বকাপ খেলতে না যাওয়া।

হওয়ার কথা ছিল অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্ট। কিন্তু তা বদলে হয়ে যাচ্ছে চার দলের বিসিএল ওয়ানডে টুর্নামেন্ট। দ্বিতীয় দফা উদীয়মান খেলোয়াড়দের নিয়ে হওয়া আয়োজন পিছিয়ে কিংবা বদলে যেতে চলেছে। কারণ জাতীয় দলের বিশ্বকাপ খেলতে না যাওয়া।

ক’দিন আগেই জাতীয় দল ও রাডারে থাকা খেলোয়াড়দের নিয়ে হয়েছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ। তবে প্রাথমিকভাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে সুযোগ না পাওয়া তরুণ ক্রিকেটারদের নিয়ে হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। তারপর আবার অনূর্ধ্ব-২৩ বিসিএল টুর্নামেন্ট আয়োজন বদলে যেতে চলেছে। ক্রিকেট অপারেশন্স থেকে তেমনটিই দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

বিসিবির টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাওসার তেমনটিই জানিয়েছেন ক্রিকেট ভিত্তিক গণমাধ্যম ক্রিকবাজকে। তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা ফেব্রুয়ারিতে বিসিএল অনূর্ধ্ব-২৩ আয়োজনের পরিকল্পনা করেছিলাম। কিন্তু ক্রিকেট অপারেশন্স থেকে আমাদের জানানো হয়েছে, সিনিয়র খেলোয়াড়দের মাঠে রাখা দরকার। কারণ বাংলাদেশ চলমান টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না, ফলে তাদের অনেকেই এই সময়ে কোনো ক্রিকেট খেলতে পারবে না। এছাড়া মার্চে পাকিস্তানের সঙ্গে একটি সিরিজ আছে, যেখানে তারা ওয়ানডে খেলবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে পাকিস্তান দল আসবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে। সেই সিরিজের প্রস্তুতির জন্যই জাতীয় দলের খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা হচ্ছে বিসিএল ওয়ানডে টুর্নামেন্টে। তবে অনূর্ধ্ব-২৩ ওয়ানডে টুর্নামেন্টের ভাবনা একেবারেই মাথা থেকে ঝেড়ে ফেলছে না বিসিবি।

কাওসার বলেন, ‘সেই কারণে ফেব্রুয়ারিতে বিসিএল অনূর্ধ্ব–২৩-এর বদলে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে আমরা বিসিএল ওয়ানডে আয়োজন করছি। আর এখন অনূর্ধ্ব–২৩ টুর্নামেন্টটি অন্য কোনো উপযুক্ত সময়ে আয়োজন করার পরিকল্পনা করছি।’ ফেব্রুয়ারির ২২ কিংবা ২৩ তারিখে শুরু হতে পারে বিসিএল ওয়ানডে টুর্নামেন্ট। রাজশাহী ও বগুড়াতে প্রথম রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে।

তবে ফাইনাল হবে মিরপুর হোম অব ক্রিকেটে। এক বিশ্বকাপ খেলতে না যাওয়ায়, বিসিবির টুর্নামেন্ট কমিটিও যেন পড়েছে বিপাকে। জাতীয় দলের খেলোয়াড়দের মাঠের ক্রিকেটের ব্যস্ত রাখতে- বারবার নিজেদের পরিকল্পনায় রদবদল আনতে হচ্ছে। ডেভেলপমেন্টের প্রক্রিয়াও তাতে বাঁধাগ্রস্ত হচ্ছে। সামগ্রিক চিত্রে এটাও বিশ্বকাপ না খেলার ফলে সৃষ্ট ক্ষতির খতিয়ান।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link