সোশ্যাল মিডিয়ায় এখন প্রায়শই জনরব ওঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নাকি পালিয়ে গেছেন। কিছু মিডিয়াও তাতে তাল মেলায়। যদিও পরবর্তীতে বারবার তা ভুল প্রমাণিত হয়ে আসছে।
কিন্তু, তবুও যেন কোনক্রমেই থামছে না বিতর্ক। ক্রিকেট বিষয়ক কোন কাজে হোক কিংবা পরিবারের সাথে সময় দেওয়া, বিমানের টিকিট ধরলেই যেন বিসিবি বসকে বানিয়ে দেওয়া হয় পলাতক।
তেমনই এক বিতর্কের সৃষ্টি হয়েছে একদিন আগে বুলবুলের অস্ট্রেলিয়া যাওয়া নিয়ে। নতুন নির্বাচিত সরকার শপথ গ্রহণের আগেই আমিনুল পালিয়ে বিদেশে চলে যাচ্ছেন, এমন আলোচনারই সৃষ্টি হয়েছে।
নতুন করে আবারও তৈরি হওয়া এই বিভ্রান্তি দূর করতেই বিসিবি সভাপতির সাথে যোগাযোগ করেন প্রথম আলোর জনৈক সংবাদিক। এই বিষয়ে আমিনুলকে জিজ্ঞাসা করে হলে তিনি হতাশার সুরে বলেন, এমন গুজব বারবার রটানো আসলেই দু:খজনক। মূলত তিনি পরিবারের সাথে সময় কাটাতেই অস্ট্রেলিয়া যাচ্ছেন।

আমিনুল বলেন, ‘রোজা শুরু হচ্ছে, প্রায় আড়াই-তিন মাস ধরে বাসার বাইরে আমি। আমারও তো একটা পরিবার আছে। তো ওদের সাথেই দেখা করতে যাচ্ছি।’
তিনি স্পষ্ট ভাষায় বলেন, তার তো ছুটি নেওয়ারও প্রশ্ন আসেনা। কারণ, তিনি বিসিবির কোনো কর্মচারী নন, স্বয়ং বোর্ড সভাপতি। তবুও বোর্ডের কোন কাজে অনলাইনে সবসময়ই পাওয়া যাবে তাকে।
জনমনে তৈরি হওয়া এই সন্দেহ দূর করতে তিনি বলেন, ‘কিছু মানুষ এটাকে যেভাবে টার্ন করানোর চেষ্টা করছে, সেটা মোটেই ঠিক না। আই অ্যামি ভেরি অ্যালাইভ। ফুল টাইম কাজ করছি এবং খুব তাড়াতাড়ি ফিরে আসব।’












