ভুটান রুখে দিল সাবিনা-সুমাইয়াদের

ম্যাচের যখন আর ছয় মিনিটের মত সময় বাকি, তখনই অধিনায়ক সাবিনা কামব্যাকের ভাবনা ঢেলে দেন দলের বাকিদের মস্তিষ্কে।

কামব্যাক হল বটে, তবে আফসোস জয় পাওয়া হল না। সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের মেয়েরা ড্র করেছে ভুটানের বিপক্ষে। প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছিল বাংলাদেশ। অন্যদিকে ভুটানের মেয়েরা প্রথম ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে ড্র করেছিল। বাংলাদেশের মত কঠিন প্রতিপক্ষকে রুখে দেওয়া তাদের জন্য অর্জনই বটে।

থাইল্যান্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে খেলতে নামেন সাবিনা খাতুনরা। এদিন ম্যাচে প্রথমেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মাথায় গোল হজম করে বাংলাদেশ। বলে রাখা ভাল সাফ ফুটসাল চ্যাম্পিয়নশীপে ২০ মিনিটে ভাগ করা দুই অর্ধ। প্রথমার্ধেই বাংলাদেশ সেই গোল শোধ করে দেয়।

আগের দিনের গোলস্কোরার সুমাইয়া মাতসুসিমা এদিনও স্কোরশিটে নিজের নামটি তুলে নেন। তবে দ্বিতীয়ার্ধে ভুটানের মেয়েরা কাউন্টার অ্যাটাক কাজে লাগিয়ে এগিয়ে যায় ৩-১ গোল ব্যবধানে। বাংলাদেশ জয়ের অনুসন্ধান চালাতে গিয়ে ম্যাচটাই প্রায় হেরে যেতে বসেছিল। কিন্তু সাবিনা খাতুনরা হাল ছাড়তে চাইলেন না।

ম্যাচের যখন আর ছয় মিনিটের মত সময় বাকি, তখনই অধিনায়ক সাবিনা কামব্যাকের ভাবনা ঢেলে দেন দলের বাকিদের মস্তিষ্কে। ভারত বধের অন্যতম কারিগর ছিলেন তিনি। ভারতের বিপক্ষে জোড়া গোলের পর ভুটানের বিপক্ষে তার নামটি লেখা হয় স্কোরশিটে। সাবিনার দারুণ দক্ষতার গোলের পর দ্বিগুণ উজ্জীবিত হয়ে যান বাংলাদেশের মেয়েরা।

ম্যাচের চার মিনিট বাকি থাকতে ভুটানের জালে বাংলাদেশের তৃতীয় গোল জড়ান মাসুরা পারভিন। শেষ অবধি বেশ প্রচেষ্টা করেও জয়সূচক গোল আর পাওয়া হয়নি বাংলাদেশের। আরও চারটি ম্যাচে মাঠে নামবে মেয়েরা। পরের ম্যাচ তাদের নেপালের বিপক্ষে। ভুটান ম্যাচের ভুলত্রুটি শুধরে নেপালের বিপক্ষে নিশ্চয়ই জিততে চাইবেন সুমাইয়া-সাবিনারা।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link