বাংলাদেশের ইনিংস ব্যবধানে জয় কেবল সময়ের অপেক্ষা

ইনিংস ব্যবধানে পরাজয় মাথার উপর ঝুলছে আয়ারল্যান্ডের। চতুর্থ দিনের প্রথম সেশনেই ম্যাচের ভাগ্য পুরোপুরি নিজেদের করে নিতে চাইবে শান্তর বাংলাদেশ।

চতুর্থ দিনে বাংলাদেশের সামনে সুযোগ থাকছে ইনিংস ব্যবধানে ম্যাচ জেতার।  মাহমুদুল হাসান জয়ের দ্বিশতকের আক্ষেপ ছাপিয়ে, নাজমুল হোসেন শান্তর অনবদ্য শতক। লিটন দাসের আগ্রাসী ব্যাটিংয়ের সিলেট টেস্টের লাগাম এখন পুরোপুরি বাংলাদেশের হাতে। জয় যেন স্রেফ সময়ের বিষয়।

আগের দিনের অপরাজিত দুই ব্যাটার বেশ দ্রুততম সময়ের ফিরে গেলেন প্যাভিলিয়নে। দুইজনে মিলে মোটে চারটি রান নিতে পেরেছেন সর্বসাকুল্যে। মুমিনুল হক আউট হয়েছেন ৮২ রানে। শতক না পাওয়ার আক্ষেপ। অন্যদিকে জয় আউট হয়েছেন ১৭২ রানে। ক্যারিয়ার সেরা ইনিংসটিকে ২০০ রানের মর্যাদা দিতে ব্যর্থ হন ডানহাতি এই ব্যাটার।

তবে তাদের বিদায়ের পর, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজের কাঁধে তুলে নেন সমস্ত দায়িত্ব। ওয়ানডে স্ট্যাইলে ব্যাট করেন বা-হাতি অধিনায়ক। নিজের ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নেন তিনি। ১৩টি অর্ধশতাধিক ইনিংসের মধ্যে আটটিকেই তিনি শতকে রুপান্তরিত করেছেন। এদিন বাংলাদেশকে স্বস্তিও এনে দিলেন।

তার সাথে ওয়ানডে ধাঁচে ব্যাটিং করে গেলেন লিটন দাসও। লিটন থেমেছেন ৬০ রানে। শান্তর ব্যক্তিগত সংগ্রহ ঠিক ঠিক ১০০। এরপর অবশ্য বাকিটা সময় বাংলাদেশ বড় কোন জুটি গড়তে পারেনি। চা বিরতির পর অধিনায়ক শান্ত ইনিংস ঘোষণা করে দিলেন। স্কোরবোর্ডে তখন রান ৫৮৭, আট উইকেটের বিনিময়ে।

আয়ারল্যান্ডের থেকে ততক্ষণে ৩০১ রানের দূরত্ব সৃষ্টি করেছে স্বাগতিক দল। রানের পাহাড় টপকানো টেস্টে নবাগত আয়ারল্যান্ডের জন্য কঠিন কাজ বটে। সেই কঠিন কাজকে যতটুকু সহজ করা যায় সে চেষ্টা চালিয়েছেন অভিজ্ঞ পল স্টার্লিং। তবে ব্যাট হাতে দারুণ দিন পার করা শান্তর দূর্দান্ত বুদ্ধিমত্তায় স্টার্লিং রান আউট হন।

তারও আগে কেড কারমাইকেলকে প্যাভিলিয়নে ফেরান গতিদানব নাহিদ রানা। গতির সাথে হালকা ইনকামিং মুভমেন্টে স্ট্যাম্পে আঘাত করেন তিনি।  বাকি দায়িত্বটা সামলে নেন অভিষিক্ত হাসান মুরাদ। দু’টো উইকেট নিজের পকেটে পুরে নিয়ে আয়ারল্যান্ডকে তিনি ঠেলে দিয়েছেন ইনিংস ব্যবধানে পরাজয় নামক খাঁদের কিনারায়।

তৃতীয় দিন শেষে ৮৬ রানে পাঁচ উইকেট হারিয়েছে সফরকারী দল। এখনও ২১৫ রানের বিশাল ব্যবধান ঘোচাতে হবে তাদের। হাতে নেই পর্যাপ্ত উইকেট। তাতে করে ইনিংস ব্যবধানে পরাজয় মাথার উপর ঝুলছে আয়ারল্যান্ডের। চতুর্থ দিনের প্রথম সেশনেই ম্যাচের ভাগ্য পুরোপুরি নিজেদের করে নিতে চাইবে শান্তর বাংলাদেশ।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link