নিজেদের ‘স্ট্রং’ ফরম্যাটে বাংলাদেশ এখন ভীষণ দূর্বল

এখন দেখা পালা নিজেদের সবচেয়ে 'স্ট্রং' ফরম্যাটের এই বেহাল দশা থেকে ঠিক কবে নাগাদ পরিত্রাণ পায় টাইগার ক্রিকেট।

আমাদের গেছে যে দিন, তা কি একেবারেই গেছে- কিছুই কি নেই বাকি? সেই যে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল হেরে বাদ গেল বাংলাদেশ, এরপর থেকেই শুরু হয়েছে ডাউনফল। ওয়ানডেতে আর কামব্যাক দেওয়া হচ্ছে না বাংলাদেশের। ১৬ জুন ২০১৭ থেকে এখন অবধি বাংলাদেশ ১২৩টি ওয়ানডে ম্যাচ খেলেছে, যার মধ্যে ৬১ ম্যাচেই হেরেছে বাংলাদেশ।

বৈশ্বিক আসরেও নেই কোন সাফল্য। দুইটি ওয়ানডে বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অংশ নিয়েছে বাংলাদেশ। বৈশ্বিক সেই আসরে ১৭ ম্যাচের মধ্যে কেবল পাঁচটি ম্যাচই জিততে পেরেছে। যার মধ্যের দুইটি ম্যাচে জয় এসেছে আফগানিস্তানের বিপক্ষে। একটি করে ম্যাচ জিততে পেরেছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো হাতজোড়া একেবারেই শূন্য। গত এক বছরে ১১টি ওয়ানডেতে মাঠে নেমে স্রেফ তিনটি ম্যাচে জিতেছে তারা। এমন ভঙ্গুর দশার সর্বশেষ সংযোজন আফগানিস্তানের বিপক্ষে ৩-০তে হোয়াইট ওয়াশ হওয়া। বাংলাদেশের ওয়ানডে দলের বেহাল দশার চিত্র ফুটিয়ে তোলার জন্য নিশ্চয়ই আর কোন পরিসংখ্যানের প্রয়োজনীয়তা নেই।

অথচ একটা সময়ে, বাংলাদেশ দলকে ঘিরে সৃষ্টি হয়েছিল ভীষণ উচ্চাশা। ফাইনাল খেলা থেকে শিরোপা জয়- কত স্বপ্নই তো দেখা হয়েছিল বাংলাদেশকে ঘিরে। কিন্তু সময়ের পরিক্রমায় স্বপ্নগুলো সব দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ২০২৭ সালের বিশ্বকাপে বাংলাদেশের প্রতি প্রত্যাশার পারদ নিশ্চয়ই নেমে গেছে অনেকটাই।

২০২৭ বিশ্বকাপের দল গঠনের পদযাত্রা মূলত শুরু হবে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ দিয়ে। তিন ম্যাচের সেই ওয়ানডে সিরিজসহ বাংলাদেশ বিশ্বকাপের আগে অবধি খেলবে অন্তত ১৫টি ওয়ানডে ম্যাচ। সংখ্যাটা নিশ্চয়ই বাড়বে। এই পুরোটা সময় জুড়ে পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যাবে জাতীয় দল।

স্বাভাবিকভাবে তাই দলের পারফরমেন্সে আহামরি উন্নতি প্রত্যাশা করা হবে না সমীচিন। তবে বাংলাদেশকে এই সময়ে নিজেদের সেরা একাদশটা সাজিয়ে ফেলতে হবে। আফ্রিকার কন্ডিশন মাথায় রেখেই খেলোয়াড়দের প্রাধান্য দিতে হবে। তরুণদের বাজিয়ে দেখতে চাইলেও তা করে ফেলতে হবে দ্রুততম সময়ের মধ্যে।

সমস্যা হচ্ছে বাংলাদেশ ততটাও সুদূরপ্রসারী পরিকল্পনা হাতে নিয়ে এগোবে কি-না। তেমনটি না ঘটলে, প্রত্যাশার সংকুচিত বেলুনের সকল হাওয়া যে নিঃশেষ হয়ে যাবে সেটা সুনিশ্চিত। এখন দেখা পালা নিজেদের সবচেয়ে ‘স্ট্রং’ ফরম্যাটের এই বেহাল দশা থেকে ঠিক কবে নাগাদ পরিত্রাণ পায় টাইগার ক্রিকেট।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link