ভিয়েতনামের সামনে কিউবা-মোরসালিনরা ‘ক্লুলেস’

দিনশেষে ২-০ ব্যবধানের স্কোরলাইন অবশ্য বাংলাদেশের সংগ্রামের চিত্র ফুটিয়ে তুলছে না ঠিকঠাক। সেক্ষেত্রে ক্রসবার আর মেহেদী হাসান শ্রাবণকে দেওয়া যেতে পারে কৃতীত্ব।

পরাজয় দিয়ে শুরু বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দলের। এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ভিয়েতনামের বিপক্ষে পাত্তাই পায়নি শেখ মোরসালিনরা। দিনশেষে ২-০ ব্যবধানের স্কোরলাইন অবশ্য বাংলাদেশের সংগ্রামের চিত্র ফুটিয়ে তুলছে না ঠিকঠাক। সেক্ষেত্রে ক্রসবার আর মেহেদী হাসান শ্রাবণকে দেওয়া যেতে পারে কৃতীত্ব।

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ভিয়েতনামের মাটিতে খেলতে নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দল। শুরু থেকেই শক্তিমত্তার পার্থক্য স্পষ্ট হতে থাকে। দলে ফাহমিদুল ইসলাম থাকলেও তিনি মাঠে নামেননি। এছাড়া প্রবাসী ফুটবলারদের মধ্যে জায়ান আহমেদ ও কিউবা মিচেল ছিলেন শুরুর একাদশে। তবুও ভিয়েতনামের তরুণদের সাথে শারীরিক শক্তিতে পিছিয়ে যাচ্ছিল বাংলাদেশ।

আর সেই সুযোগটাকে যথাযথভাবে কাজে লাগিয়েছিল স্বাগতিকরা। দারুণ সব আক্রমণ সাজিয়ে তারা হামলে পড়েছে বাংলাদেশের রক্ষণ দূর্গে। শাকিল আহাদ তপু, রিমন হোসেনরা প্রায় অধিকাংশ সময়ে হিমশিম খেয়েছেন ভিয়েতনামের ফরোয়ার্ডদের আটকে রাখতে। ব্যতিক্রম ছিলেন কেবল জায়ান। ভিয়েতনামের ডান পাশের আক্রমণকে প্রায় একাই আটকে দিতে দেখা গেছে তাকে বেশ কয়েকবার।

এছাড়া কিউবা মিচেলের কাছ থেকে মেলেনি আশানুরুপ পারফরমেন্সের দেখা। কিন্তু পরাজয়ের এই ম্যাচেও গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ যেন ছিলেন অনন্য। কোনরকম দ্বিধা ছাড়াই বলে দেওয়া যায় তার কল্যাণেই ব্যবধানে থেকেছে ২-০। তার অনবদ্য পারফরমেন্সের পক্ষে ছিল গোলবারও। ভিয়েতনামের প্রায় তিনটি শট ক্রসবার ও সাইডবারে লেগে হয়েছে প্রতিহত।

তবে ভিয়েতনামের গোছানো আক্রমণকে ঠেকিয়ে রাখা ছিল প্রায় অসম্ভব। ম্যাচের ১৬ মিনিটে প্রথম গোলের পর ৮৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিক ভিয়েতনাম। দ্বিতীয় গোলের আগে বাংলাদেশকে প্রায় দেয়ালে চেপে রেখেছিল ভিয়েতনাম। শেষ অবধি আরও একবার খুঁজে পায় তারা জালের ঠিকানা।

এই পরাজয়ে গ্রুপ সি-তে বাংলাদেশের অবস্থান এখন টেবিলের তলানিতে। পরবর্তী রাউন্ডে যেতে হলে অবিশ্বাস্য কিছু একটা করে দেখাতে হবে মোরসালিন-মিরাজুলদের। কিন্তু প্রথম ম্যাচে খেলোয়াড়দের বোঝাপড়ার অভাব বড় স্বপ্ন দেখতে যেন নিরুৎসাহিতই করছে। তবুও এই ম্যাচের ভুল শুধরে ঘুরে দাঁড়াবে পিয়াশ আহমেদ নোভারা, তেমনটিই হয়ত প্রত্যাশা।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link