বল হাতে তাসকিন আহমেদের ক্ষীপ্রতা দেখা গেল প্রস্তুতি ম্যাচেও। চারখানা উইকেট নিজের ঝুলিতে পুরে বুঝিয়ে দিয়েছেন, নিজের দিনে কি করতে পারেন তিনি। এর আগে পাকিস্তান সিরিজের শেষ ম্যাচেও চার উইকেট ছিল নামের পাশে। তাসকিনের এমন ধারা বজায় রাখতে পারলে নিউজিল্যান্ডের জন্য যে অপেক্ষা করছে ভয়াবহ এক পরিস্থিতি।
নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে এ আর বি দলে ভাগ হয়ে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলেন বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়েরা। শুরুতে ব্যাট করতে নামে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন এ দল।
ওপেন করতে নেমে আউট হওয়া কাকে বলে তা যেন ভুলে গিয়েছিলেন সাইফ হাসান। পুরো ৫০ ওভার খেলে ছয়টি চার আর আটটি ছক্কার মারে করেন ১৩৩ বলে ১৩৮ রানের দারুণ সেঞ্চুরি। অন্য প্রান্তে যদিও আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি।

আফিফ হোসেন, তানজিম সাকিব আর তাউহিদ হৃদয়দের ছোট ছোট ইনিংসে ভর করে মিরাজের দল সংগ্রহ করে সাত উইকেটে ২৯২ রান। এবাদত হোসেন আর মোসাদ্দেক হোসেন তুলে নেন সমান দুইটি করে উইকেট।
নুরুল হাসান সোহানের বি দল তাড়া করতে নেমে প্রথম বলেই উইকেট হারায়। মাহমুদুল হাসানকে ফেরান তাসকিন। অন্য ওপেনার সৌম্য সরকার ধীরগতির অর্ধশতক করলেও তাঁদের পতন ঠেকাতে পারেননি কেউই।
বড় ইনিংস খেলার আভাস দেওয়া শামীম হোসেন পাটোয়ারিকে ফেরান তাসকিন। প্যাভিলিয়নের পথ দেখান সাইফউদ্দিন আর খালেদ আহমেদকেও। শেষ পর্যন্ত বি দল ১৬৪ রানেই সব উইকেট হারিয়ে ১২৮ রানের পরাজয় বরণ করে।

নিয়ন্ত্রিত বল করে ছয় ওভারে তাসকিন দিয়েছেন ২৭ রান। সাথে শিকার চার উইকেট। তাসকিন আহমেদের এমন রূপ প্রতিপক্ষ নিউজিল্যান্ডের জন্য অশনী সংকেত হয়ে বাজছে। মাঠে এমন ফর্মটা ধরে রাখতে পারলে বিপর্যস্তই হতে হবে কিউইদের।










