‘সম্মান ফেরত না দিলে আর ক্রিকেট খেলব না।’ নিজের ভেতরে থাকা চাপা ক্ষোভ উগড়ে দিলেন এনামুল হক বিজয়। ক্রিকেট থেকে অবসর নেওয়ার এক প্রকার হুমকিই দিয়ে দিলেন ডানহাতি এই ব্যাটার।
এনামুল হক বিজয় ছিলেন ফিক্সিং সন্দেহের তালিকায়। যে কারণে তাকে খেলতে দেওয়া হয়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এরপর অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপেও তাকে রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে বাংলাদেশ ক্রিকেট লিগের ওয়ানডে ফরম্যাটে তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু সেই টুর্নামেন্ট খেলতে অস্বীকৃতি জানান বিজয়।
এদিন পবিত্র ওমরাহ পালন শেষে বহুদিনে জমে থাকা কথার ফুলঝুড়ি নিয়ে হাজির হন বিজয়। তিনি এক এক করে তার ঝুলে থাকা পরিস্থিতির অভিযোগ জানান। বিসিবির তদন্ত কমিটি এখনও সেই অর্থে বিজয়ের বিপক্ষে কোন তদন্ত শুরু করেনি। তবে তাকে ঠিকই বিপিএল থেকে দূরে রাখা হয়েছে।

আবার হুট করেই বিসিএল ওয়ানডে খেলতে বলা হয়েছে। নিজের সাথে হওয়া এমন আচরণে বেজায় ক্ষুব্ধ বিজয়। তিনি জানিয়েছেন এভাবে আর ক্রিকেট খেলা চালিয়ে যেতে চান না তিনি। তার বিরুদ্ধে সন্দেহ থাকলে সে সন্দেহ প্রমাণ করা হোক। নতুবা তাকে সসম্মানে ঘরোয়া ক্রিকেটের অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হোক- সে দাবি জানিয়েছেন বিজয়।
বিসিবি যখন খুশি ডেকে খেলতে বলবে, এমন কর্মকাণ্ডে ভীষণ অখুশি বিজয়। এছাড়াও একাদশ বিপিএলে বিজয় খেলেছিলেন দুর্বার রাজশাহীর হয়ে। রীতিমত কলুষিত এক ফ্রাঞ্চাইজির হয়ে মাঠে বিজয় পারফরম করেছেন। তার বিনিময়ে এখনও নিজের প্রাপ্য পারিশ্রমিক বুঝে পাননি বিজয়। চেক দেওয়া হলেও তা নিষ্ক্রিয়।
এমন পরিস্থিতিতে নিজের স্বাভাবিক ক্রিকেটীয় জীবনে ফেরার ইচ্ছে থেকে তিনি দ্বারস্থ হয়েছে অনেকের। কিন্তু কোন সদুত্তর পাননি। বরং তাকে ঘোরানো হচ্ছে বলেই অভিযোগ এনেছেন এনামুল হক বিজয়। তাইতো তিনি নিজের রাগের বহিঃপ্রকাশ ঘটিয়ে স্পষ্ট করেছেন- এভাবে আর ক্রিকেট খেলতে চান না তিনি।












