বর্তমান সময়ের সেরা ফাস্ট বোলারের তালিকায় সবার উপরেই থাকবেন জাসপ্রিত বুমরাহ। পরিসংখ্যান কিংবা পারফরম্যান্স সবই কথা বলছে তাঁর দিকেই। আর এবার তাকে বোলিংয়ের ডন ব্র্যাডমান আখ্যা দিলেন অজি কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট।
গিলক্রিস্টের মতে, ‘বুমরাহ সম্ভবত সর্বকালের সেরা ফাস্ট বোলার। ডন ব্র্যাডম্যানের মতোই তিনি তার সময়ের অন্যদের চেয়ে অনেকটাই এগিয়ে।’ অনেকের কাছে গিলক্রিস্টের এমন মন্তব্য বাড়াবাড়ি মনে হতে পারে তবে, বুমরাহর অসাধারণ ধারাবাহিকতা ও পরিসংখ্যান সেই কথারই ইঙ্গিত দেয়; কেন তিনি সময়ের সেরা!
চোট কাটিয়ে ফিরে আসার পর আইপিএলে সাত ম্যাচে বুমরাহ বল করেছেন ২৮ ওভার, ইকোনমি রেট মাত্র ৬.৯৬। টি-টোয়েন্টির মতো রানবন্যার ফরম্যাটে এমন নিয়ন্ত্রিত বোলিং দুর্লভ ঘটনাই বটে। ম্যাচপ্রতি গড় ডট বল প্রায় ১০টি, যা প্রতিপক্ষ ব্যাটারদের চাপে ফেলে।

বুমরাহর বোলিংয়ের বৈচিত্র্যই তাকে আলাদা করে তুলেছে। তার অস্ত্রভাণ্ডারে রয়েছে সুইং, সিম, শর্ট বল, ইয়র্কার—যা তাকে আধুনিক যুগের এক ভয়ঙ্কর বোলারে পরিণত করেছে। আন্তর্জাতিক ক্রিকেটে তার পরিসংখ্যানও চোখ ধাঁধানো।
টেস্টে ২০৫ উইকেট, ওয়ানডেতে ১৪৯, টি-টোয়েন্টিতে ৮৯, আর আইপিএলে ১৭৬ উইকেট। তার ইকোনমি রেট সব ফরম্যাটেই অবিশ্বাস্যভাবে কম—যা আধুনিক ব্যাটিংবান্ধব যুগে অনন্য।
বোলিং অ্যাকশনেও তিনি অনবদ্য। বল ছাড়ার সময় ক্রিজের অনেকটা সামনে থেকে ডেলিভারি করার কারণে ব্যাটসম্যানদের কাছে তার বল আরও দ্রুত আসে, যা প্রতিপক্ষের জন্য এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ।

যদিও ব্র্যাডম্যানের মতো ব্যাটিং গড়ের হিসাব বোলিংয়ে মাপা কঠিন, তবুও আধিপত্য, ধারাবাহিকতা আর পরিসংখ্যান বিবেচনায় বুমরাহ যে আধুনিক ক্রিকেটের বোলিং কিংবদন্তি—সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই তো “ব্র্যাডম্যান অফ বোলিং” তাকে বলায় যায়।











