২০১৪ সালের ব্রাজিল। সেখানেই মিরোস্লাভ ক্লোসা শেষ বিশ্বকাপ খেলেছিলেন। চতুর্থ বারের মতো সোনার কাপ ঘরে তোলা জার্মানির অন্যতম সদস্য ক্লোসা নিজের বিশ্বকাপ জীবন শেষ করেন রেকর্ড সর্বোচ্চ ১৬ গোল নিয়ে। এরপর আরও দুইটি বিশ্বকাপ হয়ে গেলেও সেই রেকর্ডে ভাগ বসানো হয়নি কারোরই।
আর মাত্র কিছুদিনের অপেক্ষা। পুনরায় পর্দা উঠতে যাচ্ছে ক্রীড়ার জগতের সবচেয়ে বড় আসর ফুটবল বিশ্বকাপের। কাতারের মরুভূমির পর এবার ফুটবলের এই মহাসংগ্রাম অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকো মিলে।
আগে বিশ্বকাপে অংশ নিতো ৩২ দল। এবার থেকে তা বেড়ে হয়েছে ৪৮। শুরু থেকে ফাইনাল পর্যন্ত খেললে কোনো ফুটবলার সুযোগ পাবেন আগের চেয়ে এক ম্যাচ বেশি খেলার। একই কারণে ক্লোসার রেকর্ড ভেঙে যাওয়ার সম্ভাবনাও বেড়েছে।

বর্তমানে আন্তর্জান্তিক ফুটবল খেলেন এমন খেলোয়াড়দের মধ্যে বেশ কিছু খেলোয়াড় আছেন যাদের সুযোগ আছে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক হওয়ার। চলুন দেখে নেওয়া যাক এমনই কয়েকজনকে।
সবার আগেই আসবে লিওনেল মেসির নাম। কাতারে সেরা খেলোয়াড় হওয়া এই আর্জেন্টাইন.২৬ ম্যাচে ১৩ গোল করেছেন বিশ্বকাপে। এবারও অন্যতম ফেভারিট আর্জেন্টিনার এই তারকার সুযোগ আছে ক্লোসাকে পেছনে ফেলার।
গত বিশ্বকাপে গোল্ডেন বুট জিতেছিলেন। রিয়াল মাদ্রিদের তরুণ ফরাসি তারকা কিলিয়ান এমবাপে বিশ্বকাপে মাত্র ১৪ ম্যাচে অংশ নিয়েই ১২ বার জালে গোল জড়িয়েছেন। তাঁর যা ফর্ম তাতে ক্লোসাকে যে ভয়ে থাকতেই হবে তা বলা যায় সন্দেহ ছাড়াই।

২০১৮ বিশ্বকাপের গোল্ডেন বুট জেতা ইংল্যান্ডের হ্যারি কেন, ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদো আর, ব্রাজিলের প্রাণভ্রমরা নেইমার জুনিয়র করেছেন সমান ৮টি করে গোল। তিনজনেরই যা সক্ষমতা তাতে এই গোলের রেকর্ড ভাঙা তাদের জন্য একেবারে অসম্ভব না।
১২ বছর ধরে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড ধরে রেখেছেন মিরোস্লাভ ক্লোসা। এত বছরে ফুটবল আর ফুটবলারদের যেভাবে পরিবর্তন হয়েছে তাতে তাঁর এই রেকর্ড যে এই বিশ্বকাপেই ভেঙে যেতে পারে তা বলতে সংকোচ করতে হয় না।











