ব্রুক-মার্করাম বলিষ্ঠ নেতা হতে পারলেও, ব্যর্থ সুরিয়া-সালমান

যেমনটি হতে পেরেছেন এইডেন মার্করাম কিংবা হ্যারি ব্রুক। কিন্তু সুরিয়াকুমার যাদব অথবা সালমান আলী আঘারা হয়েছেন ব্যর্থ।

দলনেতা, শুধু নামেই নয়, দলনেতা হতে হয় কাজে, দলনেতা হতে হয় প্রয়োজনের মুহূর্তে। যেমনটি হতে পেরেছেন এইডেন মার্করাম কিংবা হ্যারি ব্রুক। কিন্তু সুরিয়াকুমার যাদব অথবা সালমান আলী আঘারা হয়েছেন ব্যর্থ।

ইংল্যান্ডের সেমিফানাইল নিশ্চিত করার ম্যাচে পাকিস্তানের বিপক্ষে নিজেকে ব্যাটিং অর্ডারে প্রমোট করেন হ্যারি ব্রুক। দল তখন বিপাকে। এমন মুহূর্তে তিনি বাইশ গজে নেমে ভীষণ কার্যকর এক শতক তুলে নিলেন। দলের বাকিদের ব্যর্থতাকে একাই ঢেকে দিলেন। সময়ের প্রয়োজন মোতাবেক ব্যাট চালিয়ে তিনি দলকে তুললেন সেমিফাইনালে।

কাগজে-কলমে এখনও সেমিফাইনালে পৌঁছায়নি দক্ষিণ আফ্রিকা। কিন্তু বাস্তবতা হচ্ছে, প্রোটিয়াদেরকে ছিটকে ফেলা কার্যত অসম্ভব। আর সেই অসম্ভবের জায়গায় দলকে নিয়ে গেছেন এইডেন মার্করাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বোলিং ইনিংসের শেষদিকে খেই হারায় প্রোটিয়া বোলাররা। প্রত্যাশার চাইতেও বেশি রান তুলে ফেলে ওয়েস্ট ইন্ডিজ।

বোলারদেরকে বাঁচিয়ে দেন মার্করাম। একাই একটা প্রান্ত আগলে রেখে, সকল ভুলের উপর প্রলেপ এঁটে দেন। দলকে নয় উইকেটের বড় জয়ের কারিগর বনে যান। সেই সাথে নিশ্চিত করেন তাদের সেমিফাইনাল খেলার বাস্তবিক সকল সম্ভাবনা। এই দু’টো উদাহরণ ক্যাপ্টেন্স লিডিং ফ্রম দ্য ফ্রন্ট- সেই প্রবাদের।

অন্যদিকে ভিন্ন চিত্র ভারত-পাকিস্তান শিবিরে। উপমহাদেশের চেনা কন্ডিশনেও সুবিধা করতে পারেনি পাকিস্তান। সমীকরণের মারপ্যাচে আটকে গেছে ভারত। কারণ তাদের দুই অধিনায়কের ক্লাচ মোমেন্টে পারফরম করতে না পারা। দলের বাকিদের উজ্জীবিত করতে না পারা।

বড় ম্যাচেই মূলত একজন খেলোয়াড়ের কিংবা নেতার সত্যিকারের সক্ষমতা পরীক্ষিত হয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই পরীক্ষা ফেল করেছেন সুরিয়াকুমার যাদব। তাতেই তো সমীকরণে আটকে গেছে ভারত। অন্যদিকে একই দশা ইংল্যান্ডের বিপক্ষে সালমান আলী আঘার। তিনি ব্যর্থ হয়েছেন প্রত্যাশা পূরণে। সে কারণেই তো দোলাচলে আটকে গেছে পাকিস্তানের সেমিফাইনাল খেলার স্বপ্ন।

এই বৈপরীত্যগুলোই বলে দেয়, নেতার দায়িত্ব পাওয়া হয়ত অনেকাংশেই সহজ। কিন্তু বিপদের মুহূর্তে সত্যিকারের নেতা হয়ে উঠতে পারা কতটা কঠিন। যার উঠতে পারেন সকল প্রতিকূলতা ডিঙিয়ে, তাদের হাত ধরেই লেখা হয় নিত্যনতুন ইতিহাস। মার্করাম বা ব্রুক সেই ইতিহাসের পথে নিজেদেরকে আবারও নিশ্চয়ই ঠেলে দেবেন অগ্নিকূন্ডে।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link