অনিশ্চয়তার মেঘ সরিয়ে সুপার ফোরে পাকিস্তান!

পাকিস্তানের বোলিং আক্রমণের সামনে সংযুক্ত আরব আমিরাতের অসহায় আত্মসমর্পণ। আর তাতেই অনিশ্চয়তার মেঘ সরিয়ে ৪১ রানের জয়ের সুবাদে সুপার ফোরের টিকিট পেল পাকিস্তান।

পাকিস্তানের বোলিং আক্রমণের সামনে সংযুক্ত আরব আমিরাতের অসহায় আত্মসমর্পণ। আর তাতেই অনিশ্চয়তার মেঘ সরিয়ে ৪১ রানের জয়ের সুবাদে সুপার ফোরের টিকিট পেল পাকিস্তান।

নানা নাটকীয়তা শেষে এক ঘণ্টা দেরিতে মাঠে গড়ালো ম্যাচ। টসে জিতে আরব আমিরাত সিদ্ধান্ত নিল বোলিং করার। পাকিস্তানের একাদশে এদিন দুই পরিবর্তন, খুশদিল শাহ এবং হারিস রউফকে ফেরানো হলো।

তবে ইনিংসের সূচনাটা আজও ভালো হলো না। রানের খাতা খোলার আগে আবারও ফিরতে হলো সায়িব আয়ুবকে। টানা তিন ম্যাচেই ডাকের রেকর্ড গড়েছেন তিনি। শাহিবজাদা ফারহানও ১২ বলে পাঁচ রান করে সাজঘরের পথ ধরেন। নয় রানে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান।

তবে প্রতিআক্রমণ আসে অভিজ্ঞ ফখর জামানের কাছ থেকে। সালমান আলী আঘার সাথে ইনিংস মেরামতের কাজে লেগে পড়েন তিনি। যদিও ধীরগতির ইনিংস খেলতে থাকেন অধিনায়ক। শেষ পর্যন্ত ২৭ বলে ২০ রানের অর্থহীন নক খেলে বিদায় নেন।

তবে ফখর জামানের ব্যাট ভরসা হয়ে দাঁড়ায় পাকিস্তানের জন্য। তুলে নেন ফিফটি। যদিও ওখানেই থেমে যেতে হয় তাঁকে। আর এরপরই ব্যাটিংয়ে আবারও ছন্দপতন ঘটে। হাসান নাওয়াজ, খুশদিল শাহ কিংবা মোহাম্মদ হারিসরা ব্যর্থ হয়েছেন।

এরপরই শাহীন শাহ আফ্রিদি এলেন ত্রাতা হয়ে। ব্যাট হাতে খেলেছেন ১৪ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস। আর এতেই পাকিস্তানের স্কোরবোর্ডে রান দাঁড়িয়েছে ১৪৬।

জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিচ্ছিলেন আলিসান শারাফু, তবে এখানেও শাহীন আফ্রিদির হানা। ১২ রানেই থামিয়ে দেন শারাফুর ইনিংস। মোহাম্মদ ওয়াসিমও এদিন হাল ধরতে পারেননি। পাওয়ার প্লে শেষে আমিরাতের সংগ্রহ দাঁড়ায় তিন উইকেট হারিয়ে ৩৮ রান।

ধ্রুব পারাসার এবং রাহুল চোপড়া হাল ধরার চেষ্টা করেন তবে তাঁদের ৫১ বলে ৪৮ রানের জুটি কেবলই ব্যবধান কমানোর কাজে এসেছে। পাকিস্তানের শক্তিশালী বোলিং আক্রমণের সামনে আমিরাত বাধ্য হয়েছে নতি স্বীকার করতে। শাহীন, আবরার, হারিসদের জোড়া শিকারে শেষ পর্যন্ত থামতে হয়েছে ১০৫ রানেই।

পাকিস্তান আরও একবার বোলিংয়ের শক্তিমত্তা দেখাল। শাহীন-হারিসদের অভিজ্ঞতার সামনে ৪১ রানের পরাজয় নিয়েই আসরের সমাপ্তি টানল আরব আমিরাত। আর সব অনিশ্চয়তার অবসান ঘটিয়ে পাকিস্তান নিশ্চিত করল সুপার ফোর।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link