বুলবুলের গন্তব্য এখন কোথায়?

দেশের ক্রিকেটের ক্রান্তিলগ্নে আইসিসির নিশ্চিন্ত ক্যারিয়ার ছেড়ে যিনি বিসিবির শীর্ষ পদে আসীন হয়েছিলেন, মাত্র দশ মাসের ব্যবধানে ক্ষমতার পালাবদলে তাকে সরে যেতে হলো পাদপ্রদীপের আলো থেকে।

সময়ের বিবর্তনে আমিনুল ইসলাম বুলবুল আজ ক্রিকেট রাজনীতির এক জটিল সমীকরণের মুখোমুখি। দেশের ক্রিকেটের ক্রান্তিলগ্নে আইসিসির নিশ্চিন্ত ক্যারিয়ার ছেড়ে যিনি বিসিবির শীর্ষ পদে আসীন হয়েছিলেন, মাত্র দশ মাসের ব্যবধানে ক্ষমতার পালাবদলে তাকে সরে যেতে হলো পাদপ্রদীপের আলো থেকে। বিসিবির আঙিনা হারানোর পর এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলেও (এসিসি) তার জায়গা মেলেনি।

আইসিসির গেম ডেভেলপমেন্টের একটি নিশ্চিন্ত ও সম্মানজনক ক্যারিয়ার ছেড়ে দেশের টানে বিসিবির হাল ধরেছিলেন বুলবুল। গত মে মাসে ১৬তম সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার হাত ধরে সংস্কারের নতুন পথচলা শুরু হয়েছিল। কিন্তু দ্শ মাসের মাথায় জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সিদ্ধান্তে গত ৭ এপ্রিল ভেঙে দেওয়া হয় তার নেতৃত্বাধীন নির্বাচিত পর্ষদ।

বিসিবির বিদায়বেলাতেই তার সামনে উন্মোচিত হয়েছিল মহাদেশীয় ক্রিকেট সংস্থা এসিসিতে একটি বড় উচ্চপদে আসীন হওয়ার সুযোগ। কিন্তু সেখানেও বাধার পাহাড় হয়ে দাঁড়ায় দুটি শক্তিশালী ও প্রভাবশালী ক্রিকেট খেলুড়ে দেশ। তিনি বলেন, ‘একটা বড় চাকরির সুযোগ এসেছিল এসিসিতে। কিন্তু দুটো বড় দেশ সেখানে ভেটো দিয়েছে। সেটা আর হয়তো হবে না।’

প্রশাসনিক বাধার মুখে দমে না গিয়ে বুলবুল এবার বেছে নিচ্ছেন বুদ্ধিবৃত্তিক পথ। আপাতত তিনি মেলবোর্নে তার পরিবারের কাছে ফিরে যাচ্ছেন। তবে এই সময়টাকে তিনি হেলায় নষ্ট করতে চান না। ক্রিকেটের সাথে মনস্তত্ত্বের সম্পর্ক নিয়ে গবেষণায় ডুব দিতে চান সাবেক এই বিসিবি বস। তার পরিকল্পনায় আছে ‘হায়ার কনশাসনেস’ এবং ‘মাইন্ডফুলনেস ইন ক্রিকেট’ নিয়ে গভীর কাজ করা।

এই অবসর সময়ে আত্মজীবনীমূলক বই লেখার কথাও বলেছেন বুলবুল। জীবনের সব বিচিত্র অভিজ্ঞতা হয়তো উঠে আসবে তার আগামী বইয়ের পাতায়, যেখানে বিসিবির দশ মাসের সেই অম্ল-মধুর অধ্যায়টি পাবে নতুন এক সংজ্ঞা।

বুলবুল এখন আর পদের মোহে নন, বরং বিশ্বাসের নোঙরে স্থির। ক্ষমতার পালাবদলে বারবার যার পথ রুদ্ধ হয়েছে, তিনি এখন নিজেকে খুঁজছেন ক্রিকেটের গভীর দর্শনে। বলা যায়, তিনি নিজেও নিজের পায়ে কুড়াল মেরেছেন। টি-টোয়েন্টি ইনিংস খেলার কথা বলে লোভের ফাঁদে পা বাড়িয়েছেন।

 মাঠের সেই প্রথম সেঞ্চুরিয়ান কি তবে এবার পাণ্ডুলিপির পাতায় খুঁজে পাবেন নিজের দ্বিতীয় ইনিংস? ক্রিকেটের ধুলোবালি ছাপিয়ে বুলবুলের এই যাত্রা এখন এক নি:সঙ্গ যোদ্ধার লড়াইয়ের গল্প।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

জীবন তড়িৎ কোষে অ্যানোডে ক্রীড়ার উন্মাদনা আর ক্যাথোডে সাহিত্যের স্নিগ্ধ নির্যাস।

Share via
Copy link