তিন দেশে তিন ভাই। একই দিনে দুই জনের হয়েছে পরাজয়, একজন পেয়েছেন জয়ের স্বাদ। বলছিলাম, কারান পরিবারের তিন ভাইয়ের কথা। বেশ অদ্ভুত কাকতাল- তারা তিনজনে একই দিনে নেমেছেন ক্রিকেট ময়দানে, তাও আবার উপমহাদেশের তিন দেশে।
মেঝো ভাই বেন কারান জিম্বাবুয়ের হয়ে খেলেছেন বাংলাদেশের মাটিতে। অন্যদিকে পরিবারের সবচেয়ে ছোটজন ভারতের ময়দানে নেমেছিলেন চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে। টম কারান আবার লাহোর কালান্দার্সের প্রতিনিধিত্ব করেছেন পাকিস্তান সুপার লিগের মঞ্চে।
তিন ভাইয়ের মধ্যে স্রেফ বড় ভাই জয়ের দেখা পেয়েছেন। তার দল লাহোর কালান্দার্স ৮৮ রানের বিশাল জয় পেয়েছেন। যদিও সেই জয়ে টম কারানের অবদান খুব সামান্যই। তিন ওভারে ২৪ রান খরচায় একটি উইকেট শিকার করেছেন তিনি।

তিনি জয়ের সুস্বাদ পেলেও তার দুই ভাইকে থাকতে হয়েছে পরাজিতদের কাতারে। বাংলাদেশের কাছে ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে হেরেছেন বেন কারান ও তার দল। টেস্টের দ্বিতীয় ইনিংসে বেন অবশ্য একটা প্রান্ত আগলে রাখতে চেয়েছিলেন। কিন্তু ৪৬ রান করেই তাকে থামতে হয়েছে শেষ অবধি।
কিন্তু সবচেয়ে বেশি আক্ষেপটা সম্ভবত করছেন স্যাম কারান। কেননা বাকি দুই ভাইয়ের তুলনায় ছোটভাই স্যাম মাঠে পারফরমেন্সের দিক থেকে এগিয়ে। যদিও তার দল চেন্নাই সুপার কিংস হেরেছে পাঞ্জাব কিংসের কাছে। তবে এই ম্যাচে স্যাম দেখিয়েছেন নিজের সামর্থ্য।
ব্যাট হাতে প্রায় সেঞ্চুরি করেই ফেলেছিলেন ইংলিশ এই অলরাউন্ডার। কিন্তু শেষ অবধি তাকে থামতে হয়েছে ৮৮ রানে। তার অনবদ্য ইনিংসের কল্যাণেই ১৯০ রানের পুঁজি পেয়েছিল চেন্নাই সুপার কিংস। তবে বল হাতে কোন উইকেটের দেখা অবশ্য পাননি স্যাম। রান বিলিয়েছেন ২৭টি।

একই দিনের প্রতিবেশি তিন দেশে তিন ভাই তিন ভিন্ন দলের হয়ে খেলেছেন কি-না সেই রেকর্ড অবশ্য অজানা। তবে ৩০ এপ্রিল ২০২৫ দিনটা ‘কারান’ পরিবারের জন্যে একটা বিশেষ দিন বটে।











