ফর্মের তুঙ্গে থাকা দিল্লীর তারকা

২০২৪ আইপিএল ভাল যায়নি লোকেশ রাহুলের, লখনৌ সুপার জায়ান্টসকে সেরা চারে নিয়ে যেতে পারেননি তিনি। ব্যক্তিগতভাবেও পারফরম করতে ব্যর্থ হয়েছিলেন, জায়গা মেলেনি টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও। তবে এ বছর ক্রিকেট বিধাতা মুখ তুলে তাকিয়েছে তাঁর দিকে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে একের পর এক গুরুত্বপূর্ণ ইনিংস এসেছে এই ব্যাটারের ব্যাট থেকে।

আইপিএলে নাম লেখানোর পর থেকে দিল্লি ক্যাপিটালস চেষ্টার কমতি রাখেনি, কিন্তু কিছুতেই আরাধ্য শিরোপার কাছাকাছি পৌঁছাতে পারেনি তাঁরা। এবার নতুন করে স্কোয়াড সাজিয়ে পুনরায় স্বপ্ন দেখতে শুরু করেছে দলটা। আর এই স্বপ্ন যাত্রায় দলটার সারথী হতে পারেন তিন তারকা – যারা সাম্প্রতিক সময়ে আছেন ফর্মের তুঙ্গে।

  • লোকেশ রাহুল 

২০২৪ আইপিএল ভাল যায়নি লোকেশ রাহুলের, লখনৌ সুপার জায়ান্টসকে সেরা চারে নিয়ে যেতে পারেননি তিনি। ব্যক্তিগতভাবেও পারফরম করতে ব্যর্থ হয়েছিলেন, জায়গা মেলেনি টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও। তবে এ বছর ক্রিকেট বিধাতা মুখ তুলে তাকিয়েছে তাঁর দিকে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে একের পর এক গুরুত্বপূর্ণ ইনিংস এসেছে এই ব্যাটারের ব্যাট থেকে। বিশেষ করে, ফাইনালে অপরাজিত ৩৪ কিংবা সেমিতে অপরাজিত ৪২ রান তাঁর সামর্থ্যের প্রমাণ দেয়।

জাতীয় দলে ফিনিশার হিসেবে খেললেও আইপিএলে ওপেনার হিসেবে দেখা যাবে তাঁকে। তবে যে আত্মবিশ্বাস নিয়ে টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছেন, সেটা বাকিদের চেয়ে এগিয়ে রাখবে তাঁকে।

  • অক্ষর প্যাটেল

ঋষাভ পান্তের বিদায়ে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের দায়িত্ব উঠেছে অক্ষর প্যাটেলের হাতে। মাত্রই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে আসা অক্ষরের জন্য দারুণ সুযোগ বটে, অলরাউন্ডিং পারফরম্যান্সে ভারতের শিরোপা জয়ে অবদান রেখেছিলেন তিনি। এবার সামনে নেতৃত্ব দিয়ে ট্রফি জয়ের লক্ষ্য তাঁর সামনে।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এই বাঁ-হাতি প্রায় হাফসেঞ্চুরি করে ফেলেছিলেন, ৪৭ রানের সেই কাব্যিক ইনিংস কি এত তাড়াতাড়ি ভোলা যায়? আর বল হাতে বরাবরই ধারাবাহিক তিনি। এককথায় পরিপূর্ণ অলরাউন্ডার রূপে আবির্ভাব ঘটেছে তাঁর – এখন কেবল অধিনায়কত্বের চাপ সামলে পারফরম করার পালা।

  • কুলদীপ যাদব 

২০২২ সালে কলকাতা নাইট রাইডার্স থেকে দিল্লি ক্যাপিটালসে যোগ দেয়া কুলদীপ যাদবের জন্য ছিল ক্যারিয়ার রিভাইভিং মোমেন্ট। দিল্লির হয়ে গত কয়েক আসর অবিশ্বাস্য পারফরম্যান্স করে চলছেন তিনি, এবারও হয়তো সেটার ব্যতিক্রম ঘটবে না।

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কুলদীপের। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে তিন উইকেট শিকার করেছিলেন তিনি, ফাইনালে মহামূল্যবান দুই উইকেট নিয়ে ম্যাচের মোড়ই ঘুরিয়ে দিয়েছিলেন। দিল্লির জার্সিতে তাঁর এমন বিধ্বংসী রূপ দেখার অপেক্ষায় এখন দিন গুনছে সমর্থকেরা।

Share via
Copy link