ব্যাটে-বলে একচেটিয়া দাপট দেখাল চট্টগ্রাম রয়্যালস। ঢাকা ক্যাপিটালসকে ১০ উইকেটে হারিয়ে জানান দিল নিজেদের শক্তিমত্তার। এই চট্টগ্রাম যেন বদলে যাওয়া এক নাম, আসর শুরুর অনাকাঙ্খিত ঘটনা ছাপিয়ে মাঠের খেলায় নিজেদের আধিপত্য দেখিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।
আগে ব্যাট করতে নামা ঢাকা এদিন খেয় হারিয়ে ফেলল শুরুতেই। সাইফ হাসান ব্যর্থ হলেন আরও একবার। এক উসমান খান বাদে টপ অর্ডারের কেউ পার করতে পারেনি এক অঙ্কের গন্ডি। তানভির-শরিফুলদের বোলিং তোপে একের পর এক ব্যাটার যোগ দিয়েছেন আসা-যাওয়ার মিছিলে। শেষ দিকে কিছুটা প্রতিরোধ গড়েন মোহাম্মদ সাইফউদ্দিন। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান আসে তাঁর ব্যাট থেকে।

চট্টগ্রামের সেরা বোলিং ফিগারটা তানভীরের। চার ওভারে মাত্র আট রানের বিনিময়ে নিয়েছেন তিন উইকেট। শেষমেষ ঢাকার স্কোরবোর্ডে টেনেটুনে আসে ১২২ রান।
বোলিং সাফল্যের পর ব্যাট হাতেও নিজেদের শক্তির প্রমাণ দেয় চট্টগ্রাম। মোহাম্মদ নাইম আর অ্যাডাম রসিংটন মিলেই শেষ করে দেন ঢাকার সামান্য সম্ভাবনা। বোলাররা তাদের সামনে কোনরকম প্রতিরোধ গড়তে পারেনি। দুই ওপেনারের জোড়া ফিফটির সুবাদে অনায়াসে ৪৪ বল এবং ১০ উইকেট হাতে রেখেই জয় পায় চট্টগ্রাম।

ঢাকার হারের পাল্লাটা ভারি হচ্ছে দিনে দিনে। অন্যদিকে চট্টগ্রামের আকাশে উড়ছে স্বস্তির ফানুস। টালমাটাল অবস্থা কাটিয়ে মাঠের খেলায় যে তাদের বিচরণ ঘটছে বুক ফুলিয়ে।
Share via:











