বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি। অথচ সেই ধোনি নাকি একটা সময় কিপিং অনুশীলন করতেন না। তবুও ব্যাট হাতে নিখুঁত ফিনিশিং আর উইকেটের পিছনে বজ্রগতিতে স্ট্যাম্পিং তাকে কিংবদন্তিতে পরিণত করেছে। আন্তর্জাতিক ক্যারিয়ারে মোট ৬৩৪টি ক্যাচ ধরেছেন তিনি। স্ট্যাম্পিং করেছেন ১৯৫টি।
তৎকালীন ফিল্ডিং কোচ আর শ্রীধর ‘ক্রিকেট.কম’-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ৮-৯ বছর খেলার পর ধোনি আর কিপিং অনুশীলন করতেন না। তখন তিন ফরম্যাটেই খেলতেন। শরীরের উপর ধকল যেত, আঙুলে চাপ হতো বেশিই। তাই কিপিং অনুশীলন না করে শুধুই ফিল্ডিং করতেন ধোনি।’
যদিও জাতীয় দলে ঢোকার আগে কিপিং নিয়েই পড়ে থাকতেন ধোনি। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিং ছিল তাঁর ধ্যান-জ্ঞান।

এ নিয়ে শ্রীধর আরও বলেন, ‘ভারতীয় দলে সুযোগ পাওয়ার আগে কিপিং নিয়ে ধোনি প্রচুর খাটত। জাতীয় দলে শুরুর কয়েক বছরও শুধু কিপিংয়ের দিকে নজর ছিল ধোনির। ওর কিপিং কৌশল অন্য সবার থেকে আলাদা। কৌশল ভিন্ন হলেও সাফল্য পেতেন। বিশেষ করে ওর মতো স্ট্যাম্পিং করতে আমি আর কাউকে দেখিনি।’
শুধু উইকেটরক্ষক হিসেবেই নয়, ধোনি বিশ্বের অন্যতম সেরা ফিনিশারও বটে। বিপদের মুহূর্তে কতবারই তো হাল ধরেছেন, একা হাতে অবিশ্বাস্য সব ম্যাচ বের করেছেন।
হাঁটুতে অস্ত্রোপচার নিয়েও খেলা এই ব্যাটারের ব্যাটিংয়ে তাই ছিল না কোনো কমতি। ফিটনেসে বরাবরই বাড়তি নজর ছিল তাঁর। মাঠে ঠান্ডা মাথা, বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত ও দৃষ্টান্তমূলক নেতৃত্ব তাঁকে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ অধিনায়ক করে তুলেছে।











