বিশ্বকাপে ‘ডাবল ডাকের’ বিরল রেকর্ড!

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচের দুটোতেই ডাকের বিরল রেকর্ড গড়া ওপেনারদের নিয়েই এই আলোচনা।

টি-টোয়েন্টিতে ওপেনারদের দায়বদ্ধতা একটু বেশি। ঝড়ো গতিতে রান তুলে ইনিংসের গতিপথ নির্ণয় করতে হয় তাদের। আর সেটা যদি হয় বিশ্বকাপের মঞ্চ, তবে তো কথায় নেই। কিন্তু কেউ যদি টানা দুই ম্যাচেই রানের খাতা খোলার আগে বিদায় বলে দেয়, দলের কাধে যে চাপ পাহাড় তুলে দাঁড়ায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচের দুটোতেই ডাকের বিরল রেকর্ড গড়া ওপেনারদের নিয়েই এই আলোচনা।

মরিস উমা (২০০৭ বিশ্বকাপ)

২০০৭ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ। কেনিয়ার ইনিংসের ভিত গড়ে দিতে ক্রিজে এলেন মরিস উমা। তাঁর স্থায়িত্ব কাল ছিল মোটে দুই বল। রানের খাতা আর খোলা হয়নি। পরের ম্যাচ ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। তবে এবারও খালি হাতে ফিরে বিরল রেকর্ডের প্রথম মালিক বনে যান তিনি।

ইমরুল কায়েস (২০১০, বিশ্বকাপ)

২০১০ বিশ্বকাপে ইমরুল কায়েসও এই দলে শরিক হন। পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ১৭৩ রানের টার্গেট চেজ করতে ওপেনিংয়ে নামেন ইমরুল। তবে শূন্যতেই ফিরে গিয়ে দলের বিপদ বাড়িয়ে দেন। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষেও একই দশা দেখা যায় তার ব্যাটে।

পল স্টার্লিং (২০১০, বিশ্বকাপ)

ইমরুল কায়েস একা নন, একই বছর তাঁকে সঙ্গ দেন আয়ারল্যান্ডের ওপেনার পল স্টার্লিং। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেই শূন্যতেই বিদায় বলেন। প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড। তবে মজার ব্যাপার, দুই ম্যাচেই ছয়টি করে বল খেলেছেন।

ইরফান আহমেদ (২০১৪ বিশ্বকাপ)

২০১৪ সালের বিশ্বকাপে হংকং ওপেনার ইরফান আহমেদও এই লজ্জার রেকর্ডের সদস্যপদ লাভ করেন। নেপাল এবং আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমে দুটো ম্যাচেই রানের খাতা খোলার আগেই বোলাররা সাজঘরের পথ দেখিয়ে দেয় তাঁকে।

রজার মুকাসা (২০২৪ বিশ্বকাপ)

তালিকার আরেক নাম উগান্ডার ওপেনার রজার মুকাসা। ২০২৪ সালে বিশ্বকাপে নামের পাশে এই বিরল রেকর্ডের কীর্তি গড়েন তিনি। তবে সবার থেকে তাঁর রেকর্ডটা একটু আলাদা। দুই নয়, তিন ম্যাচেই রানের খাতা খুলতে পারেননি তিনি।

অভিষেক শর্মা (২০২৬ বিশ্বকাপ)

সব ছাপিয়ে এই তালিকার সবচেয়ে আলোচিত নামটা অভিষেক শর্মা। বর্তমান টি-টোয়েন্টির সেরা ব্যাটারের তকমা গায়ে জড়ানো তাঁরই। ব্যাট হাতে চার-ছক্কার রেকর্ড গড়তেই মাঠে নামেন তিনি। তবে এবারের রেকর্ডটা নিশ্চয় লজ্জায় ফেলবে তাঁকে। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচের একটিতেও রানের খাতা খুলতে পারেননি তিনি। একটিতে প্রতিপক্ষ ছিল যুক্তরাষ্ট্র, অন্যটিতে চিরপ্রতিদন্দী পাকিস্তান।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link