তারুণ্যের শক্তি দারুণ একটা ব্যাপার বটে, তাই তো ক্রিকেট মাঠে তরুণদের ওপর বাড়তি মনোযোগ থাকে সবার। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যতিক্রম হচ্ছে না, টুর্নামেন্টের দামামা বেজে উঠতেই শুরু হয়েছে উদীয়মান তারকাদের নিয়ে কাঁটাছেড়া। খেলা ৭১ ও তাই পিছিয়ে থাকতে চাইলো না।
- ম্যাথু ব্রিজকি (দক্ষিণ আফ্রিকা)
ওয়ানডে অভিষেকেই ১৫০ রানের অতিমানবীয় এক ইনিংস, ক্রিকেট দুনিয়ায় সাড়া ফেলে দিতে এতটুকুই যথেষ্ট ছিল ম্যাথু ব্রিজকির জন্য। পরের ম্যাচেই আবার করেছেন ৮৩ রান – আত্মবিশ্বাসের চূড়ায় থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে পা রাখতে যাচ্ছেন তিনি। আর এমন ধারাবাহিকতা ধরে রাখতে পারলে এই ব্যাটার নিশ্চিতভাবেই দক্ষিণ আফ্রিকার জন্য সবচেয়ে বড় ভরসা হয়ে উঠবেন।

- নাহিদ রানা (বাংলাদেশ)
বাংলাদেশের কোন তরুণ তুর্কি আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে সেরকম দৃশ্য তেমন একটা দেখা যায় না। তবে নাহিদ রানা পেরেছেন, এক্সপ্রেস পেস আর জাতীয় দলের জার্সিতে সংক্ষিপ্ত সময়ের পারফরম্যান্স তাঁকে নিয়ে এসেছে লাইমলাইটে; হয়ে উঠেছেন দেশের পেস বিভাগের সম্পদ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সমর্থকদের প্রায় সবাই আশা রাখছে তাঁর ওপর।

- হার্ষিত রানা (ভারত)
জাসপ্রিত বুমরাহর ইনজুরির পর বদলি হিসেবে মোহাম্মদ সিরাজ নয়, বরং ভারত বেছে নিয়েছিল হার্ষিত রানাকে। মাত্র তিনটা ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন একজন পেসারের ওপর টিম ম্যানেজম্যান্টের আস্থা কতটুকু সেটা আর বলার অপেক্ষা রাখে না। নামের ভারে বুমরাহর আশেপাশেও হয়তো থাকবেন না তিনি, তবে বুমরাহর মতই ম্যাচের যেকোনো পরিস্থিতিতে দৃশ্যপট বদলে দেয়ার সামর্থ আছে তাঁর।

- সেদিকুল্লাহ অটল (আফগানিস্তান)
রহমানউল্লাহ গুরবাজের পর আফগানিস্তান আরো একজন টপ অর্ডার ব্যাটার পেলো সেদিকুল্লাহ অটলের মাঝে। তিনি উইকেটে থাকা মানেই প্রতিপক্ষের ঘুম হারাম হয়ে যাওয়া, ছয় ম্যাচ খেলে ইতোমধ্যে একটা হাফসেঞ্চুরি এবং সেঞ্চুরি পেয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির বড় মঞ্চে এই তরুণ বড় কিছু করলে তাই অবাক হওয়ার কিছু থাকবে না।

- তানভির সাঙ্ঘা (অস্ট্রেলিয়া)
তানভির সাঙ্ঘা – নামটা হয়তো আহামরি পরিচিত নয়, বলার মত পরিসংখ্যানও নেই। তবে ভঙ্গুর অস্ট্রেলিয়া যাদেরকে ঘিরে স্বপ্ন দেখছে তাঁদের একজন তিনি। অ্যাডাম জাম্পার মতই লেগ স্পিনে প্রতিপক্ষকে ধসিয়ে দেয়ার সব রসদ আছে তাঁর ভান্ডারে, ঘরোয়া ক্রিকেটে সেটার প্রমাণও মিলেছে। এখন কেবল অস্ট্রেলিয়ার জার্সিতে করে দেখানোর পালা।

- তায়াব তাহির (পাকিস্তান)
লিস্ট এ ক্রিকেটে প্রায় ৪৭ গড়ে ৩৩৮৭ রান – তায়াব তাহিরকে তাই পাকিস্তান ক্রিকেটের নেক্সট বিগ থিঙ ভাবতেই হয়। তবে ট্যাগটা স্থায়ী হবে কি না সেটা বোঝা যাবে নিজেদের উঠোনে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতেই। ঘরোয়া টুর্নামেন্টে যেভাবে পারফরম করেছেন সেভাবে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে মেলে ধরতে পারলে পাকিস্তানের ট্রফি জেতার সম্ভাবনা নিশ্চিতভাবেই বেড়ে যাবে।











