এমি মার্টিনেজ, ব্যাক আপ নাকি নাম্বার ওয়ান?

মার্টিনেজ এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে, যেখানে তাকে নিয়ে আলোচনাটা কেবল সম্ভাব্য গন্তব্য নয়, বরং তার ভূমিকাটাও গুরুত্বপূর্ণ। কারও ব্যাক আপ, নাকি দলের নাম্বার ওয়ান? - কোন দিকে হাঁটবেন এই আর্জেন্টাইন? এই উত্তরটা যতটা না ক্লাবগুলো দেবে, তার চেয়ে বেশি মার্টিনেজ নিজে ঠিক করবেন।

এমিলিয়ানো মার্টিনেজের যাওয়ার জায়গার কোনো অভাব নেই। ইউরোপিয়ান বড় বড় ক্লাবগুলো তাঁর ব্যাপারে আগ্রহী, কিন্তু প্রশ্ন হল আর্জেন্টাইন এই সুপার স্টার যেখানেই যান, অ্যাস্টন ভিলার মত নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পাবেন তো।

দিবুর ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন ছিল আগেও। তবে এবার সেটা একটু বেশি বাস্তব মনে হচ্ছে। অ্যাস্টন ভিলার শেষ হোম ম্যাচে মার্টিনেজ যেভাবে হাত নেড়ে দর্শকদের বিদায় জানালেন, তাতে পরিষ্কার ইঙ্গিত ছিল—এই ক্লাবে তার সময়টা হয়তো শেষের দিকে।

তারপর থেকেই ইউরোপের বড় ক্লাবগুলো নড়েচড়ে বসেছে। বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড—দুই ক্লাবই যোগাযোগ করেছে মার্টিনেজের সঙ্গে। বিশেষ করে বার্সার আগ্রহটা এবার একটু ব্যতিক্রমী ধরনের।

স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে — মার্টিনেজের পরিস্থিতির ওপর নজর রাখছে বার্সা। তারা বিকল্প গোলরক্ষক খুঁজছে। উইজেক শেজনির সঙ্গে আরও এক বছরের চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু পোলিশ গোলরক্ষক নিজেও নিশ্চিত নন আর কতটা দূর টেনে নিয়ে যাবেন তিনি।

এই অনিশ্চয়তার মধ্যেই বার্সা চাইছে আরও শক্তিশালী ব্যাকআপ। কিন্তু প্রশ্ন হচ্ছে—মার্টিনেজ কি সেই ‘ব্যাকআপ’?

২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপাজয়ের অন্যতম নায়ক তিনি। প্রিমিয়ার লিগের সেরা গোলরক্ষকদের তালিকায়ও নিয়মিত নাম তার। ক্যারিয়ারের এমন পর্যায়ে এসে মার্টিনেজ নিজেও জানেন, তিনি এখন কোনো দলের দ্বিতীয় পছন্দ হওয়ার জায়গায় নেই। অন্তত, নিয়মিত ম্যাচ পাওয়ার নিশ্চয়তা চািই। কিন্তু, বার্সেলোনার মত বড় ক্লাবের ডাক এড়াতে পারেন ক’জন। মার্টিনেজ তো রক্ত-মাংসেরই মানুষ।

বার্সেলোনা যদি টার স্টেগেনকে রেখেই মার্টিনেজকে দলে নিতে চায়, তাহলে মার্টিনেজের প্রথম একাদশ পাওয়ার সুযোগ কম। অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেড চায় মার্টিনেজকে আন্দ্রে ওনানার জায়গায়। সেখানে তার যাওয়াটা অনেক বেশি যৌক্তিক। নিয়মিত প্রথম গোলরক্ষক হিসেবেই সেখানে সুযোগ পেতে পারেন তিনি।

সব মিলিয়ে মার্টিনেজ এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে, যেখানে তাকে নিয়ে আলোচনাটা কেবল সম্ভাব্য গন্তব্য নয়, বরং তার ভূমিকাটাও গুরুত্বপূর্ণ। কারও ব্যাক আপ, নাকি দলের নাম্বার ওয়ান? – কোন দিকে হাঁটবেন এই আর্জেন্টাইন? এই উত্তরটা যতটা না ক্লাবগুলো দেবে, তার চেয়ে বেশি মার্টিনেজ নিজে ঠিক করবেন।

Share via
Copy link