টি-টোয়েন্টি ক্রিকেট মানেই চোখের পলকে ম্যাচের মোড় ঘুরে যাওয়া। এক ওভারের ঝড়ে স্বপ্ন বাঁচে, আবার এক স্পেলের আগুনে ছাই হয়ে যায় শিরোপার আশা। সেই উত্তেজনার সবচেয়ে বড় মঞ্চ, টি-টোয়েন্টি বিশ্বকাপ। আরেকটা বিশ্বআসরের ক্ষণগণনা শুরু হয়েছে। তবে এই মঞ্চে নজর থাকবে কয়েকজন ক্রিকেটারের ওপর যারা ঝড়ের বেগেই ম্যাচের মোড় ঘুরিয়ে নিতে পারে নিজেদের দিকে।
এই তালিকার শীর্ষে নিঃসন্দেহে ভারতের ওপেনার অভিষেক শর্মা। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেই যেন আগুন জ্বালিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। ৩৫ ইনিংসে ১,২৬৭ রান, সংখ্যাটা শুধু পরিসংখ্যান নয়, বরং আধুনিক টি-টোয়েন্টি ব্যাটিংয়ের এক জীবন্ত দলিল।

গড় ৩৮.৩, স্ট্রাইক রেট ১৯৫-এর ওপরে, এই পরিসংখ্যান বলছে, অভিষেক শর্মা শুধু রান করছেন না, করছেন বিধ্বংসী গতিতে। পাওয়ারপ্লেতে প্রতিপক্ষ বোলারদের ওপর শুরুতেই মানসিক চাপ তৈরি করার যে ক্ষমতা, তা ভারতকে আলাদা করে এগিয়ে রাখছে। বিশ্বকাপে তার ব্যাটের দিকে থাকবে তাই বাড়তি নজর।
অস্ট্রেলিয়ার শিবিরেও আলোচনার কেন্দ্রে আছেন কুপার কনোলি। ২২ বছর বয়সী এই অলরাউন্ডার আসছেন বিগ ব্যাশ লিগের শিরোপাজয়ী মৌসুমের আত্মবিশ্বাস নিয়ে। পার্থ স্কর্চার্সের হয়ে পুরো টুর্নামেন্টে দাপট দেখিয়ে হয়েছেন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার।

ব্যাট হাতে কার্যকর, বল হাতে প্রয়োজনের মুহূর্তে ব্রেকথ্রু এনে দিতে পারেন, এমন ক্রিকেটার টি-টোয়েন্টিতে অমূল্য সম্পদ। আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রমাণ করার মঞ্চ হিসেবে এই বিশ্বকাপকে বড় সুযোগ হিসেবে দেখছেন কনোলি।
দক্ষিণ আফ্রিকার হয়ে আলাদা করে নজর থাকবে ডেওয়াল্ড ব্রেভিসের দিকে। একসময় ‘বেবি এবি’ নামে পরিচিত হলেও এখন আর তিনি শুধু তুলনার ফাঁদে আটকে থাকা প্রতিভা নন। সাম্প্রতিক এসএ টোয়েন্টি-তে ধারাবাহিক পারফরম্যান্স এবং আইপিএলের অভিজ্ঞতা তাকে আরও পরিণত করেছে।

বড় শট খেলার সাহস, স্পিন ও পেস, দুই ধরনের বোলিংয়ের বিপক্ষেই সমান স্বাচ্ছন্দ ব্রেভিস ভারতের ব্যাটিং-বান্ধব উইকেটে হয়ে উঠতে পারেন প্রোটিয়াদের এক্স-ফ্যাক্টর।
আর বোলিং বিভাগে ভারতের সবচেয়ে বড় অস্ত্র, বরুণ চক্রবর্তী। বর্তমানে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি বোলার এই রহস্য স্পিনার। তার বৈচিত্র্যময় ডেলিভারি, ফ্লাইট আর গতি পরিবর্তন ব্যাটারদের পড়তে বাধ্য করে দ্বিতীয়বার ভাবতে। শ্রীলঙ্কা ও ভারতের টার্নিং উইকেটে বরুণের স্পিন হয়ে উঠতে পারে ম্যাচ জয়ের মূল চাবিকাঠি। শিরোপা ধরে রাখার স্বপ্নে ভারতীয় দলের বড় ভরসা তিনিই।

Share via:











