পাকিস্তানের বুমরাহ জুজু ভাঙলেন ফারহান

অবশেষে পাকিস্তান পেরেছে। জাসপ্রিত বুমরাহর ছোড়া বলে ছক্কা হাঁকানো গেছে। শাহিবজাদা ফারহানের হাত ধরে পাকিস্তানের বিরল এক ধারার সমাপ্তি ঘটল অবশেষে।

অবশেষে পাকিস্তান পেরেছে। জাসপ্রিত বুমরাহর ছোড়া বলে ছক্কা হাঁকানো গেছে। শাহিবজাদা ফারহানের হাত ধরে পাকিস্তানের বিরল এক ধারার সমাপ্তি ঘটল অবশেষে। দুর্দমনীয় জাসপ্রিতের প্রবল প্রতাপের অবসান ঘটেছে।

ভারত-পাকিস্তান এখন আর  দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয় না। এই দুই দলের লড়াইয়ের মঞ্চ তৈরি করে দেয় কোন না কোন বহুজাতিক টুর্নামেন্ট। তেমনই সব টুর্নামেন্টে এতদিন অবধি জাসপ্রিত বুমরাহ ছিলেন কোন এক রুপকথার দৈত্য। তার বলে ছক্কা হাঁকানো যায়, সে বিশ্বাস যেন কারোই ছিল না।

সেই জুজু অবশেষে কাটিয়ে উঠতে পেরেছেন শাহিবজাদা ফারহান। ২০২৫ এশিয়া কাপের মঞ্চে প্রথমবারের মত পাকিস্তানের কোন ব্যাটার বুমরাহর বলে ছক্কা হাঁকালেন। এর আগে ১১ দফা বুমরাহ খেলতে নেমেছিলেন পাকিস্তানের বিপক্ষে। বাবর আজম, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান কিংবা আসিফ আলি কেউই বুমরাহর বলে ছক্কা মারতে পারেননি।

১১টি ম্যাচ ধরে জাসপ্রিত ছিলেন অভেদ্য। এর মধ্যে ওয়ানডে ক্রিকেটে ৩০৭টি বল ছুড়েও ছক্কা হজম করতে হয়নি জাসপ্রিত বুমরাহকে। টি-টোয়েন্টিতে ৯২ বলের প্রতিরোধ ভেঙেছে।

১৪১ কিলো/ঘন্টার বলটিকে লং অনের উপর দিয়ে ছক্কা হাঁকিয়েছেন শাহিবজাদা ফারহান। শুধু একটি ছক্কাতেই ক্ষান্ত হননি ফারহান। পাঁচ বল পরে আবারও ছক্কা হজম করেন বুমরাহ। ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে আবারও ফারহানের ছক্কা।

বুমরাহের জুজু কাটালেন ফারহান। কিন্তু ভারত জুজু আদোতে আর কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান। আবারও ভারতের সামনে ব্যাটিং  বিপর্যয় পাকিস্তানের। এ বিপর্যয়ের কারণেই ভারত-পাকিস্তান দ্বৈরথ এখন আর মাঠের খেলায় তেমন উত্তেজনা ছড়ায় না। যেটুকু বেঁচে আছে তা মানুষের মুখে কিংবা সোশ্যাল মিডিয়ায়।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link