ভারত-পাকিস্তান লড়াই এখন আর জমে না। তাইতো শাহিবজাদা ফারহার দ্বৈরথের পুরনো ঝাঁজ ফিরিয়ে আনলেন তার উদযাপনে। ব্যাট দিয়েই করলেন লক্ষ্যভেদের অনুকরণ। ভারতের অহম জাসপ্রিত বুমরাহকে আঘাত করে নিরবেই যেন বললেন- আজ জমবে খেলা। দু’দফা ফারহানের ক্যাচ ফেলে ভারতও যেন সেই বার্তায় জানায় সম্মতি।
শাহিবজাদা ফারহান সাম্প্রতিক সময়ে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের রানের ফুলঝুরি ছড়িয়েছেন। সর্বশেষ পাকিস্তান সুপার লিগেও একটি সেঞ্চুরি সহ রান তুলেছেন প্রায় দেড়শ ছাড়ানো স্ট্রাইকরেটে। তার কাছ থেকে ধুন্ধুমার ব্যাটিংয়ের প্রত্যাশাই ছিল গোটা এশিয়া কাপ জুড়ে।
কিন্তু গ্রুপ পর্বে তিনি ছিলেন নিজের ছায়া হবে। নিজেকে যেন জমিয়ে রেখেছিলেন বড় মঞ্চের জন্যে। সুপার ফোরে ভারতের বিপক্ষের ম্যাচটিকে তিনি বেছে নিলেন স্বরুপে ফেরার উপলক্ষ হিসেবে। তবে ভারতের বিপরীতে দারুণ কিছু করতে হলে জাসপ্রিত বুমরাহকে বাগে আনতে হবে সবার প্রথমে।

সেটা বেশ ভাল করেই জানা। তাইতো বুমরাহের উপর চড়াও হলেন ফারহান, একেবারে ইনিংসের শুরু থেকেই। বুমরাহের এক ওভারে দু’টো চার হাঁকিয়ে ভারতকে ভরকে দেন ফারহান। এরপর নিজের ইনিংস জুড়ে আরও তিনটি চার মেরেছেন ডানহাতি এই ব্যাটার। এছাড়াও তিনটি ছক্কা এসেছে তার ব্যাট থেকে।
তার আগে অবশ্য ফারহান নিজের ভাগ্যকে ধন্যবাদ জানাতেই পারেন। অভিষেক শর্মা দুই দফা ফারহানকে জীবন দিলেন, ক্যাচ ফেলে দিয়ে। সেই সুযোগ গুলো কাজে লাগিয়ে ফারহান তুলে নেন অর্ধশতক। স্রেফ ৩৪ বলে ৫১ রানে পৌঁছে যান শাহিবজাদা ফারহান। কিন্তু এরপরই কোন এক অজানা কারণে তিনি বেশ স্লথ হয়ে যান।
শেষ অবধি ৪৫ বলে ৫৮ রানে আউট হয়েছেন ফারহান। অর্থাৎ শেষ ১১ বলে তার ব্যাট থেকে এসেছে মাত্র সাত রান। এমন অদ্ভুত ছন্দপতনের কারণে অবশ্য শুরুর প্রত্যাশা কর্পূর হয়ে উবে গেছে। মুহূর্তের মধ্যে ম্যাচের সেই ঝাঁজ যেন আবারও সাদামাটা হয়ে গেছে সময়ের সাথে সাথে।

তবে বুমরাহকে আক্রমণ করার সিদ্ধান্ত দিনশেষে ভারতের প্রিমিয়াম পেসারকে দিয়েছে দুর্দিনের স্বাদ। বহুদিন বাদে বোলিং চার ওভারের বোলিং স্পেলে ৪০ এর বেশি রান হজম করেছেন জাসপ্রিত বুমরাহ। ভারতের প্রধান অস্ত্রকে বশে এনেও সেটা শেষ অবধি আর কাজে লাগাতে পারেনি ফারহান ও পাকিস্তান।











