দলের জিততে রান বাকি ১৭, ফিন অ্যালেনের সেঞ্চুরি করতে লাগে ২০ রান। ফিন অ্যালেন ছুটলে। দলের জয় তো নিশ্চিত, হাতে আছে নয় উইকেট। ফিন অ্যালেন তাই ছুটলেন নিজের সেঞ্চুরির জন্য। একেবারে হাতে গোনা চার খানা বাউন্ডারিতে তিনি পৌঁছে গেলেন শতকের মাইলফলকে।
অনবদ্য, অবিশ্বাস্য এক রানতাড়া করলেন ফিন অ্যালেন। সাথে তাড়া করলেন নিজের শতককেও। দক্ষিণ আফ্রিকাকে কখনোই টি-টোয়েন্টি বিশ্বকাপে হারাতে পারেনি নিউজিল্যান্ড। এমন বিষাদময় রেকর্ডের অবসান ঘটানোর দুর্ধর্ষ চেষ্টাটাই করে গেলেন ফিন অ্যালেন। শতভাগ সফল হলেন, দারুণ এক শতক হাঁকিয়ে।
দক্ষিণ আফ্রিকাকে কোণঠাসা করে ফেলেছিল নিউজিল্যান্ডের বোলাররা। ৭৭ রানে পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকেই গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু মার্কো ইয়ানসেনের ব্যাটের প্রতি আক্রমণ টিকিয়ে রাখল প্রোটিয়াদের। সেই প্রতিরোধই যেন পছন্দ হয়নি অ্যালেনের। তাই তিনি শুরু করলেন তাণ্ডব।

টিম সেইফার্টকে সাথে নিয়ে দক্ষিণ আফ্রিকার কফিন তৈরি করছিলেন অ্যালেন। একটা পর্যায়ে সেইফার্টের চাইতে অ্যালেনের রান সংখ্যা ছিল কম। কিন্তু তিনিই শেষ অবধি তুলে নিলেন যৌথভাবে এবারের বিশ্বকাপের দ্রুততম হাফসেঞ্চুরি। ১৯ বলে ৫০ রানের গণ্ডি পার করেন অ্যালেন। এরপর তিনি ছুটেছেন ব্যক্তিগত শতকের জন্য।
দলের জয় নিশ্চিত হলেও তিনি নিজের আক্রমণের গতি কমাননি। পরবর্তী ১৪ বলে তিনি ছুঁয়ে ফেলেন তিন অঙ্কের সেই ম্যাজিক্যাল ফিগার, তাও আবার দলের জয়ের জন্য প্রয়োজনীয় রানের সাথে পাল্লা দিয়ে। তার ৩০০ ছাড়ানো স্ট্রাইকরেটের ইনিংসের কল্যাণে দাপুটে জয় লেখা হয় নিউজিল্যান্ডের পক্ষে।
আর অ্যানেল গড়ে ফেললেন রেকর্ড। দুই টেস্ট খেলুড়ে দলের টি-টোয়েন্টি লড়াইয়ে স্রেফ ৩৩ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন ফিন অ্যালেন। এটিই দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। আগে এই রেকর্ড দখলে ছিল ডেভিড মিলারের। তিনি ৩৫ বলে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ২০১৭ সালে।












