এশিয়া কাপের স্কোয়াড ঘোষণার পর বাংলাদেশকে নিয়ে প্রত্যাশা বাড়ছে। আবুধাবির কন্ডিশনে যে কারোর জন্যই এই দল হয়ে উঠতে পারে কঠিন প্রতিপক্ষ। তারুণ্য নির্ভর দলে বেশ কিছু মুখ রয়েছে যারা জ্বলে উঠতে পারলে বাংলাদেশের প্রবল সম্ভাবনা থাকবে ভালো করার। দেখে নেওয়া যাক দলে থাকা পাঁচজন ক্রিকেটারকে যারা হতে পারেন এশিয়া কাপের মঞ্চে এক্স ফ্যাক্টর।
- পারভেজ হোসেন ইমন
আক্রমণাত্বক মেজাজের ব্যাটিংয়ের জন্য টি-টোয়েন্টি ফরম্যাটে বেশ নির্ভরযোগ্য হয়ে উঠেছেন পারভেজ হোসেন ইমন। সাম্প্রতিক ফর্মটাও বেশ ভালোই যাচ্ছে তাঁর। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অনবদ্য সেঞ্চুরি করে এই ব্যাটার পারদর্শিতা দেখিয়েছেন। পাকিস্তানের বিপক্ষেও দুর্দান্ত সূচনা করেছিলেন।
এ বছরে ১০ ম্যাচে ৩১.৬৬ গড়ে করেছেন ২৮৫ রান। তবে তাঁর ১৫৯ স্ট্রাইক রেটের ধারেকাছে নেই আর কেউ। তাঁর আগ্রাসী ব্যটিংয়ের নিদর্শন তাই তো এশিয়া কাপে হতে পারে বাংলাদেশের এক্স ফ্যাক্টর।

- রিশাদ হোসেন
রিশাদ হোসেন, তরুণ এই স্পিন বোলার তাঁর হাতের জাদু দেখিয়ে দলে ইম্প্যাক্ট রেখে যাচ্ছেন প্রতিনিয়ত। নিজেকে প্রমাণ করেছেন প্রকৃত উইকেট শিকারি হিসেবে। বল হাতে ৩৯ ইনিংসে শিকার করেছেন ৪৮ টি উইকেট। তার ইকোনোমি ৮.০৮। বলের ঘূর্ণিতে পরাস্থ করার পাশাপাশি ব্যাট হাতেও ঝড়ো ইনিংস খেলতে পারদর্শী তিনি। আবুধাবির কন্ডিশনে তাঁর লেগ স্পিন হতে পারে বেশ কার্যকর।

- জাকের আলি অনিক
মিডল অর্ডারে বেশ কিছু ম্যাচ ধরে আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছেন জাকের আলি অনিক। চাপের মূহুর্তে হাল ধরছেন, কখনো আগ্রাসী ব্যাটিং এ দলকে বড় রান তুলতে সাহায্য করছেন। সব মিলিয়ে এই পজিশনে পারফেক্ট প্যাকেজ তিনি। এশিয়া কাপে তাঁর উপরেও থাকবে দলের ভরসা।

- শামিম হোসেন
ফিনিশিংয়ে বর্তমানে বাংলাদেশের ভরসার নাম শামিম পাটোয়ারি। যতটুকু ক্রিজে থাকছেন দলের হয়ে খেলছেন ইম্প্যাক্টফুল ইনিংস। আনঅর্থডক্স সব শটে বোলারদের পরিকল্পনা ভেস্তে দিতে সিদ্ধহস্ত তিনি। তাই তো এশিয়া কাপের মঞ্চেও তাঁর উপরই থাকবে বাড়তি নজর।

- মুস্তাফিজুর রহমান
এশিয়া কাপে বড় আশার জায়গা মুস্তাফিজকে ঘিরে। দুর্দান্ত বোলিং দক্ষতা আর বৈচিত্র্যের জন্য প্রতিপক্ষ ব্যাটারদের কাছে তিনি এক ভয়ঙ্কর নাম। তাঁর অফ কাটার কিংবা স্লোয়ার আবুধাবির উইকেটে যেকোন ব্যটারের জন্য বিপজ্জনক। সেই সাথে অভিজ্ঞতার ঝুলিও এখন বেশ ভারি।
টি-২০ তে ১১১ ম্যাচে নেমে শিকার করেছেন ১৩৯টি উইকেট। যেখানে ইকনমি রেট ৭.৩৪। এবারের এশিয়া কাপের কন্ডিশন পুরপুরি ব্যাটিং বান্ধব নয়।এক্ষেত্রে কাটার মাস্টার সহজেই সুবিধা করতে পারবেন।











