প্রয়োজনের মুহূর্তেই হাজির শিকারি শাহীন

বেশ স্বল্প রানেই আটকে ফেলা গেছে প্রোটিয়াদের। বলা বাহুল্য আফ্রিদিই সামনে থেকে দিয়েছেন নেতৃত্ব। 

শাহীন শাহ আফ্রিদিকে নিয়ে হতে পারে হাজারটা সমালোচনা। দীর্ঘ আলাপের বিতর্ক প্রতিযোগিতাও হতে পারে তার ফর্ম নিয়ে। তবে প্রায় প্রতিবার শাহিন আফ্রিদি হাজির হন সেই ইংরেজী প্রবাদকে সত্য করে ‘ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। নতুন বলে দক্ষিণ আফ্রিকাকে সেই ক্লাসের ধারেই করলেন কাবু। তাও আবার সিরিজ নির্ধারণী ম্যাচে। প্রয়োজনের মুহূর্তেই জ্বলে ওঠেন শিকারি শাহীন।

প্রথম ওভারেই শাহীন শাহ আফ্রিদির শিকার দুই উইকেট। তাও আবার পরপর দুই বলে। নতুন বলে ক্ষুরধার শাহীন এদিন যেন পাকিস্তানের বোলারদের দিকনির্দেশনা দিয়ে দিতে চাইলেন বল হাতেই। প্রোটিয়াদের তুখোড় ব্যাটার কুইন্টন ডি কক রানের খাতা খোলার আগেই শাহীনের ইনকামিং ডেলিভারিতে হয়েছেন পরাস্ত।

এরপর সেই একই পথে হেঁটেছেন তরুণ ব্যাটার লুয়ান ড্রে-প্রেটোরিয়াস। শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। ৪২ রানে চার উইকেট হারিয়ে, স্বল্প রানে গুটিয়ে যাওয়ার শঙ্কার সৃষ্টি হয়। রিজা হেন্ড্রিকসের সাথে জুটি বাঁধতে চাওয়া ডেওয়াল্ড ব্রেভিসকে ফেরান অভিষিক্ত পাকিস্তানি স্পিনার উসমান তারিক।

শাহীনের ছড়ানো ইতিবাচকতায় উজ্জীবিত ছিল গোটা পাকিস্তানের বোলিং ইউনিট। কিন্তু মাঝে অবশ্য খেই হারিয়ে ফেলেন মোহাম্মদ নওয়াজ। এক ওভারে তিনি খরচা করেন ১৯ রান। সেখানেই বরং পাকিস্তানের বোলিং আক্রমণের ছন্দপতন ঘটে। তবে নিয়মিত বিরতিতে ঠিকই উইকেট বাগিয়ে নিতে থাকেন, পাকিস্তানি বোলাররা। ম্যাচটা যে সিরিজ নির্ধারণের।

তাছাড়া শেষের ওভারে ফাহিম আশরাফ আরেকটু মিতব্যায়ী হলে, ১৩০ রানেই প্রোটিয়াদের আটকে ফেলতে পারত আফ্রিদি আর তার দল। শেষ অবধি ১৩৯ রানের থেমেছে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ। বর্তমান সময়ে টি-টোয়েন্টিতে ১৪০ রান স্বল্প সংগ্রহের মর্যাদাই পায়। অতএব ব্যাটারদের সেই স্বস্তির জায়গাটুকু দিতে পেরেছেন পাকিস্তানি বোলাররা।

প্রথম ওভারে দুই উইকেট নেওয়ার পর নিজের ব্যক্তিগত শেষ ওভারেও আরেকটি উইকেট গিয়েছে শাহীনের পকেটে। এছাড়াও উসমান তারিক ও ফাহিম আশরাফের পকেটে গিয়েছে দুইটি করে উইকেট। তাতে করেই বেশ স্বল্প রানেই আটকে ফেলা গেছে প্রোটিয়াদের। বলা বাহুল্য আফ্রিদিই সামনে থেকে দিয়েছেন নেতৃত্ব।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link