পাকিস্তান ক্রিকেটে তুলকালাম কাণ্ড। বোর্ডের দেওয়া আইনি নোটিশ ছিড়ে ফেলে আলোচনায় মুলতান সুলতান ফ্র্যাঞ্চাইজির মালিক আলী খান তারিন। যার সূত্রপাত পাকিস্তান সুপার লিগের(পিএসএল) অব্যবস্থাপনা নিয়ে কথা বলায়।
তারিন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কড়া সমালোচনা করেছিলেন। তাঁর অভিযোগ, বোর্ড কর্তারা নিজেদের নিয়মে চলেন, পিএসএলকে উন্নত করার কোন চিন্তায় তাঁদের মাথায় নেই, তাই তো দলের অংশীদার কিংবা সহযোগীদের কোন কথা তারা শুনতে চান না।
পিসিবি তাঁর এমন সমালোচনামূলক মন্তব্যকে সহজভাবে নেয়নি। তারিনের করা সব মন্তব্য চুক্তির ধারা ভেঙেছে বলে দাবি জানায় পিসিবি। সেই সাথে তাঁকে ক্ষমা চাইতে বলা হয়, অন্যথায় চুক্তি বাতিল করা হবে বলে নোটিশ পাঠানো হয়।

তবে তারিন এবারও প্রতিবাদ করলেন। ভিডিও বার্তায় বিরোধিতার আগুনে ঘি ঢাললেন। আইনি নোটিশ ভিডিওতেই ছিড়ে ফেলেন তিনি। সেই সাথে বলেন, ‘পিএসএল ম্যানেজমেন্টের বিরুদ্ধে আমি যা যা বলেছি, সে সব প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা না চাইলে মুলতান সুলতানের ফ্র্যাঞ্চাইজি চুক্তি বাতিল করা হবে বলা হয়েছে। আমাকে সারা জীবনের জন্য পিএসএলে কালো তালিকাভুক্ত করা হবে। ওরা আসলে এটাই চায়।’
তিনি আরও বলেন, ‘পিসিবি কর্তারা চান, আমাদের মতো সহযোগীরা মুখ বন্ধ করে রাখুক। তাঁরা তাঁদের মতো কাজ চালিয়ে যাবেন। ওঁদের মনে রাখা উচিত, আমাদের মতো অংশীদারদের ছাড়া চলতে পারবেন না। কর্তারা সব সময় স্তাবকদের নিয়ে চলতে পছন্দ করেন। সামান্য সমালোচনাও সহ্য করতে পারেন না।’
এমন সব ঘটনার পর তৈরি হয়েছে আরও এক সংশয়। এমন অবমাননা পিসিবি হয়তো সহজভাবে নেবে না। যার প্রভাব পড়তে পারে মুলতান সুলতানসের উপর। চুক্তির মেয়াদ শেষ হবে এ বছরের ডিসেম্বরে। পুনরায় চুক্তিবদ্ধ হতে গেলে যে তারিনকে আবারও স্বরণাপন্ন হতে হবে পিসিবির। তারিনের এমন কাণ্ডের বিপরীতে পিসিবির প্রতিক্রিয়া কি হয়, সেটাই এখন দেখার বিষয়!











