এশিয়া কাপ ফাইনালের চার দিনের মাথায় টেস্ট খেলতে নামছেন গিল!

এই তো সেদিন এশিয়া কাপ জিতে এলো ভারত। চার দিনের মাথায় সেই দলটাই টেস্ট সিরিজ খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

এই তো সেদিন এশিয়া কাপ জিতে এলো ভারত। চার দিনের মাথায় সেই দলটাই টেস্ট সিরিজ খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। যদিও ভারত চাইলেই পুরো ভিন্ন এক স্কোয়াড নিয়ে হাজির হতে পারে ক্যারিবিয়ানদের সামনে। তবে সে পথে অবশ্য হাটছে না। এশিয়া কাপ জয়ী চারজন খেলোয়াড়কে স্কোয়াডে রেখেই লাল বলের ক্রিকেট খেলতে নেমে যাবে ভারত।

টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল খেলেছেন এশিয়া কাপের ফাইনালেও। সেই ম্যাচে তার সঙ্গী ছিলেন কুলদ্বীপ যাদব ও অক্ষর প্যাটেল। সাথে জাসপ্রিত বুমরাহও খেলেছেন পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি।  সেই চার তারকাই রয়েছেন স্কোয়াডে। বুমরাহ ছাড়া বাকিদের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল। যদিও কন্ডিশনের কারণে বুমরাহকেও রাখা হতে পারে একাদশে।

কিন্তু প্রশ্ন হচ্ছে ট্রান্সফরমেশন। প্রায় এক মাসের মত সময় ধরে এই চারজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় প্রস্তুতি নিয়েছেন টি-টোয়েন্টি মেজাজে। নিজেদের মাইন্ডসেট পরিবর্তনের জন্যে নিশ্চয়ই তিন দিন যথেষ্ট নয়। তবুও শুভমান গিলরা বেশ ইতিবাচক। স্কিলসেটের পরিবর্তন তো প্রয়োজন নেই, স্রেফ নিজের মস্তিষ্ককে বোঝাতে হবে ফরম্যাটটা ভিন্ন।

সেটাই বলেছেন অধিনায়ক শুভমান। তিনি বলেন, ‘এই বদলটা খুব দ্রুত করতে হয়েছে। ফরম্যাট বদলটা টেকনিক্যাল পরিবর্তনের চাইতেও মানসিকতা পরিবর্তনের। আমি সেই জোনে ঢুকতে চেয়েছে এই সময়ের মধ্যে।’ ইতোমধ্যেই ফরম্যাট সুইচের মানসিক পরিবর্তনটা করার চেষ্টা চালিয়ে ফেলেছেন শুভমান গিলরা।

তবে খানিকটা বিপাকে হয়ত পড়তে হবে বোলারদের। প্রথম সেশনে অন্তত বলের লেন্থের তারতম্য ঘটানো হয়ে দাঁড়াতে পারে মুশকিল কাজ। তবুও অক্ষর প্যাটেল, কুলদ্বীপরা সুযোগ পেলে সেটাকে পুরোদস্তুর কাজে লাগাতে চাইবেন নিঃসন্দেহে। তবে সত্যি সত্যি যদি শুভমানরা এই স্বল্প সময়ে মানসিকতার পরিবর্তন ঘটিয়ে ফেলতে পারেন- তবে তা এক উদাহরণ হয়ে দাঁড়াবে।

সেটাই বরং প্রমাণ করবে ভারতের ক্রিকেট সংস্কৃতির গভীরতা ও পুরো প্রক্রিয়াতে খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে ২ অক্টোবর থেকে। এই সিরিজও টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link